বাচ্চার টিফিনে বানান সুজির চকোলেট হালুয়া, খুদে আর টিফিন ফেরত আনবে না

-

বাচ্চাদের টিফিনে প্রতিদিন নতুন কী দেবেন, তা নিয়ে অনেক অভিভাবকই চিন্তায় থাকেন। এমন খাবার দরকার যা যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর এবং পেটও অনেকক্ষণ ভরিয়ে রাখে। সেই দিক থেকে সুজি একটি দারুণ বিকল্প। সুজির পায়েস, হালুয়া বা বরফি যেমন বাচ্চারা পছন্দ করে, তেমনই একটু ভিন্ন স্বাদের জন্য বানিয়ে দিতে পারেন সুজির চকোলেট হালুয়া। চকোলেটের মজাদার স্বাদ আর সুজির পুষ্টিগুণ মিলিয়ে এই সহজ রেসিপিটি বাচ্চাদের টিফিনের জন্য হতে পারে একেবারে পারফেক্ট।

সুজির চকোলেট হালুয়া তৈরির উপকরণ: ১ কাপ সুজি, ১/৪ কাপ ঘি, আধ কাপ চিনি, ১ কাপ দুধ, ১ টেবিল চামচ চকোলেট সিরাপ, ২ ফোঁটা চকোলেট এসেন্স, ১ চিমটি নুন, ২ চা-চামচ পেস্তা ও কাঠবাদাম কুচি, ১ চা-চামচ এলাচ গুঁড়ো, ২ চা-চামচ কিশমিশ এবং সাজানোর জন্য কিছু কাঠবাদাম।

- Advertisement -

সুজির চকোলেট হালুয়া তৈরির পদ্ধতি: প্রথমে একটি প্যানে সুজি শুকনো অবস্থায় হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর অর্ধেক ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ভেজে নিন। এবার ধীরে ধীরে দুধ ঢেলে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে সুজি ডেলা না পাকায়। সুজি দুধ শুষে নিতে শুরু করলে চিনি, চকোলেট সিরাপ, চকোলেট এসেন্স এবং এক চিমটি নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে এলাচ গুঁড়ো, পেস্তা ও কাঠবাদাম কুচি, কিশমিশ দিয়ে আরও ১-২ মিনিট নেড়ে নিন। হালুয়া তৈরি হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে উপরে সামান্য কাঠবাদাম কুচি ছড়িয়ে গরম গরম বা হালকা ঠান্ডা করে পরিবেশন করুন।

সুজি কেন খাবেন?

সুজি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার, যা শিশু থেকে বয়স্ক—সব বয়সের মানুষের জন্যই উপকারী। এতে রয়েছে পর্যাপ্ত প্রোটিন, ফাইবার, আয়রন এবং ভিটামিন বি-কমপ্লেক্স, যা শরীরে দ্রুত শক্তি জোগাতে এবং হজম ভালো রাখতে সাহায্য করে। প্রতি ১০০ গ্রাম সুজিতে প্রায় ৩৬০ ক্যালোরি, ১২.৭ গ্রাম প্রোটিন, ৭২.৮ গ্রাম কার্বোহাইড্রেট, ৩.৯ গ্রাম ফাইবার এবং মাত্র ১.০৫ গ্রাম ফ্যাট থাকে। এছাড়া সুজিতে থাকা সহজপাচ্য ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং হজমের সমস্যা কমাতে সাহায্য করে। ক্যালশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম ও জিঙ্কের মতো প্রয়োজনীয় খনিজও এতে রয়েছে, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News