অপারেশনের পর কাটা অংশ জোড়া লাগানোর জন্য এতদিন সেলাই করাই ছিল প্রচলিত পদ্ধতি। তবে এবার সেই পদ্ধতির পাশাপাশি নতুন একটি বিকল্প আসতে চলেছে। দেশীয় বাজারে পাওয়া যাবে বিশেষ ধরনের সার্জিক্যাল আঠা, যা দিয়ে অস্ত্রোপচারের কাটা অংশ জুড়ে দেওয়া সম্ভব হবে। এমনকি অপারেশনের পর সেলাই করা হলেও এই আঠা ব্যবহার করলে ক্ষত দ্রুত জোড়া লাগাতে সাহায্য করতে পারে।
সেলাইয়ের বদলে এবার ব্যবহার হবে বিশেষ সার্জিক্যাল আঠা
ফলে অপারেশন হোক বা দুর্ঘটনা, কাটা জায়গা জোড়া লাগাতে সেলাই করা থাকুক বা না থাকুক, এই বিশেষ আঠা দ্রুত ক্ষত জোড়া লাগাতে সাহায্য করবে বলে দাবি করা হচ্ছে। আঠাটি জৈব-সামঞ্জস্যপূর্ণ হওয়ায় শরীরের সঙ্গে মিশে যাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে এবং শরীরে ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কাও কম। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)-এর অধীন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি (IICT) এই অভিনব সার্জিক্যাল আঠাটি তৈরি করেছে। এর পরীক্ষামূলক পর্যায়ও সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। এবার বাণিজ্যিকভাবে বাজারে আসার অপেক্ষা। সবচেয়ে বড় বিষয়, এটি তুলনামূলকভাবে কম দামে পাওয়া যেতে পারে।
অপারেশন বা দুর্ঘটনায় কীভাবে কাজ করবে এই আঠা
সব ধরনের অস্ত্রোপচারে নয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই এই বিশেষ আঠা কার্যকর ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে ভবিষ্যতে অস্ত্রোপচারের পর প্রচলিত সেলাইয়ের পাশাপাশি এই ধরনের আঠার ব্যবহার আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট চিকিৎসা ক্ষেত্রে এটি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ বলেও পরীক্ষায় উঠে এসেছে। আপাতত ইএনটি, ভাস্কুলার, কসমেটিক, ডেন্টাল এবং পেরিওডোন্টাল সার্জারিতে এই আঠার ব্যবহার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে।
