বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, তদন্ত ও যাচাইয়ের নির্দেশ

-

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ আবার চালু করা হবে। এর আগে তৃণমূল সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে দুর্নীতি ও কাটমানির অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় সাহায্য বন্ধ হয়ে যায়। এরপর রাজ্য সরকার নিজস্ব ‘বাংলার বাড়ি প্রকল্প’ চালু করে। তবে সেই প্রকল্প নিয়েও বিভিন্ন জায়গায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বুধবার ফলতায় একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলার বাড়ি প্রকল্পে ওই এলাকায় ব্যাপক দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। যদিও তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি।

ফলতায় বাংলার বাড়ি প্রকল্প টাকা নয়-ছয়

বুধবার ফলতার সরকারি অনুষ্ঠানের শেষ পর্বে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, ফলতা এলাকায় এই প্রকল্পের আওতায় ৮,০০০টি বাড়ির জন্য প্রথম কিস্তি হিসেবে ৬০ হাজার টাকা করে দেওয়া হলেও বাস্তবে একটি বাড়িও তৈরি হয়নি এবং অর্থের অপব্যবহার হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তৎকালীন প্রশাসনের কিছু স্তরের সহযোগিতাও থাকতে পারে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা জানান। তিনি জেলাশাসককে উপভোক্তাদের পুনরায় যাচাই করার নির্দেশ দেন এবং অনিয়ম প্রমাণিত হলে অর্থ পুনরুদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

- Advertisement -

শুভেন্দু অধিকারী ফলতাবাসীদের আশ্বাস দিয়েছেন যে, পুরো তদন্তের ওপর তিনি নজর রাখবেন। এছাড়া, আমপান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের টাকা নয়ছয় করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক বাড়ির জন্য সরকারের তরফে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। সেই তালিকাও তার কাছে আছে এবং এসবের শীঘ্রই ব্যবস্থা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News