তামান্না খান, কলকাতাঃ রাজ্যের বহু মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাননি। এই অভিযোগে বিভিন্ন জায়গায় সরকারি দফতরের সামনে বিক্ষোভও হয়েছে। একই সময়ে, অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য না হওয়া সত্ত্বেও কিছু মহিলা সুবিধা পাচ্ছেন—এমন অভিযোগও সরকারি পোর্টালে জমা পড়ছে (Annapurna Yojana)। আবার যোগ্য হওয়া সত্ত্বেও অনেকে টাকা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, প্রকৃত যোগ্য কোনও মহিলা যাতে এই সুবিধা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে আবেদনগুলি যাচাই করা হচ্ছে। পাশাপাশি অযোগ্য সুবিধাভোগীদের বিষয়ে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর (Annapurna Yojana)
রাজ্য সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানানোর জন্য নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে। কারও মনে হলে, কোনও মহিলা যোগ্য না হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাহলে পোর্টালের মাধ্যমে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। একইভাবে, কোনও মহিলা যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণার সুবিধা থেকে বঞ্চিত হলে, সেই বিষয়েও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে চালু করা পোর্টালে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই অভিযোগগুলির মধ্যে যেমন যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন রয়েছে, তেমনই অযোগ্যদের বাদ দেওয়ার দাবিও এসেছে।
এমনকি তিনি আরও জানিয়েছিলেন, “৩১ আগস্টের পর স্টাডি করে বলে দেব। আমরা যে অভিযোগ পোর্টালটি চালু করেছিলাম, ২১ তারিখ থেকে তাতে সাড়ে ৪ লক্ষ মা-বোন-দিদি অভিযোগ করেছিলেন। সবাই কিন্তু ইনক্লুশনের জন্য আবেদন করেনি। এর মধ্যে একটা বড় সংখ্যক মহিলারা আমাদের দফতরে বলছেন যে তিনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন। কিন্তু উনি পাচ্ছেন।” শুভেন্দুর আরও সংযোজন, “এখনও পর্যন্ত ট্রান্সফার হয়ে গিয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার। এর মধ্যে মুসলিম সুবিধাভোগী রয়েছে ১৯ লক্ষ ২০ হাজার।”
উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখে অন্নপূর্ণা যোজনার পোর্টাল খোলার পর বহু মহিলার আবেদনের স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ বা ‘ফার্দার ভেরিফিকেশন’ দেখাচ্ছে।। এমনকি তা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন এবং বিক্ষোভের মতো ঘটনাও ঘটছে। কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, প্রত্যেক মহিলার তথ্য পুনরায় ভেরিফিকেশন করে তিনি যোগ্য প্রমাণিত হলে তাঁর অ্যাকাউন্টে ৩১ আগস্টের মধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাঠানো হবে। তবে এর জন্য নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভায় যোগাযোগ করতে হবে।
