সাদিকুল খান, কলকাতাঃ এনার্জির মানচিত্রে এবার নতুন করে জায়গা করে নিতে চলেছে বাংলা। কলকাতা থেকেই শুরু হল ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’-এর কাউন্টডাউন। আজ আইটিসি রয়্যাল বেঙ্গলে আয়োজিত হচ্ছে ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’-এর কার্টেন রেইজার অনুষ্ঠান। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী। আগামী বছরের আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনকে সামনে রেখে এই অনুষ্ঠান থেকেই তুলে ধরা হবে প্রস্তুতির রূপরেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। প্রথমবার পশ্চিমবঙ্গের কলকাতায় বসতে চলেছে ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এর আসর।
২০২৭ সালের ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নিউ টাউন কনভেনশন সেন্টারে চলবে ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’-এর মূল আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী। চার দিনের এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, জ্বালানি ক্ষেত্রের শীর্ষ সংস্থার কর্তা, বিনিয়োগকারী এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের কলকাতায় আসার কথা রয়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি শিল্পের সঙ্গে বাংলার যোগাযোগ আরও বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে তেল ও প্রাকৃতিক গ্যাস, পরিচ্ছন্ন শক্তি, নতুন প্রযুক্তি এবং শক্তিক্ষেত্রে বিনিয়োগ—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এবারের আলোচনায় জায়গা পাবে। জানুয়ারির আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনকে সামনে রেখে বাংলায় নতুন বিনিয়োগের সম্ভাবনাও আজকের অনুষ্ঠানে গুরুত্ব পেতে পারে। সব মিলিয়ে, আগামী বছরের মেগা আন্তর্জাতিক সম্মেলনের আগে আইটিসি রয়্যাল বেঙ্গল থেকেই ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’-এর প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হল।
কী বললেন শুভেন্দু?
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী ২৭ থেকে ৩০ জানুয়ারি চার দিন ধরে ‘ইন্ডিয়া এনার্জি উইক’ অনুষ্ঠিত হবে। কলকাতায় এই আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনের আয়োজনকে স্বাগত জানান তিনি। পাশাপাশি উত্তর ২৪ পরগনার অশোকনগরে তেল উত্তোলনের কাজ সফলভাবে শুরু হওয়ার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বিরোধী দলনেতা থাকাকালীন তিনি ওই এলাকায় সংস্থাগুলির কাজকর্ম দেখেছেন। একইসঙ্গে ‘উজ্জ্বলা ৩’ প্রকল্প চালুর বিষয় নিয়েও এদিনের বক্তব্যে আগের সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
কী জানালেন হরদীপ সিং পুরী?
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এদিন জানান, প্রধানমন্ত্রী কলকাতায় ‘ইন্ডিয়া এনার্জি উইক’ আয়োজনের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর দাবি, সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই ১৭ হাজার বর্গমিটার জায়গার বুকিং হয়ে গিয়েছে এবং নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মাস আগেই এই বুকিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি ডিসেম্বর মাসে কলকাতায় প্রবাসী ভারতীয় সম্মেলনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পুরীর বক্তব্য, রাজ্য সরকার সহযোগিতা করলে এই ধরনের বড় আয়োজন থেকে রাজ্যেরই আর্থিক লাভ বাড়বে। একইসঙ্গে দেশে কোথাও পেট্রল সংকট তৈরি হয়নি বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, রাজ্যে প্রায় ১৭,৬০০ কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে বা প্রস্তাবিত রয়েছে।
