সাদিকুল খান, কলকাতাঃ আজ পঞ্চমী, তবে শহরজুড়ে ইতিমধ্যেই সপ্তমীর মেজাজ! দুপুর থেকেই চলছে ঠাকুর দেখা ও প্যান্ডেল হপিং। এরই মধ্যে নতুন অভিযোগকে ঘিরে শোরগোল পড়েছে উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো টালা প্রত্যয়কে নিয়ে। অভিযোগ, পুজো দেখতে গেলে দর্শনার্থীদের ২১৪ টাকা দিতে হচ্ছে। যদিও পুজো উদ্যোক্তাদের দাবি, কাউকে জোর করে টাকা দিতে বাধ্য করা হচ্ছে না। তাঁদের বক্তব্য, শিল্পী সুশান্ত পালের একটি মিউজিক ভিডিও অ্যালবাম কিনছেন যাঁরা, কেবল তাঁদেরই ২১৪ টাকা দিতে হচ্ছে।
টালা প্রত্যয়ে ঠাকুর দেখতে ২১৪ টাকা দেওয়ার অভিযোগ
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার সকালেও টালা প্রত্যয়ে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের কাছ থেকে ২১৪ টাকা নেওয়া হয়েছে। আরও অভিযোগ, মণ্ডপের ভিতরে খুব বেশি ভিড় না থাকলেও ইচ্ছাকৃতভাবে ভিড় তৈরি করা হচ্ছে। দর্শনার্থীদের দাবি, লাইন শুরুর সময় টাকা দেওয়ার বিষয়টি জানানো হচ্ছে না। মণ্ডপের সামনে পৌঁছনোর পর কিউআর কোড স্ক্যান করে টাকা দিতে বলা হচ্ছে। অভিযোগ, যাঁরা টাকা দিতে চাইছেন না, তাঁদের ঘুরপথে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হচ্ছে।
টালা প্রত্যয়ের ২১৪ টাকা বিতর্কে কী জানাল পুজো কমিটি?
টাকা নেওয়ার অভিযোগ খারিজ করেছেন টালা প্রত্যয় পুজো কমিটির অন্যতম কর্তা দেবাশিস সোম। তাঁর দাবি, টালা প্রত্যয়কে ঘিরে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি গত বছর পর্যন্ত পুজোর দায়িত্বে থাকা কমিটিকে নিশানা করেন। দেবাশিস সোমের কথায়, “একটা নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এ বার আমরা স্থানীয় মানুষদের নিয়ে পুজো করছি। যাঁরা এ বার পুজোর দায়িত্বে নেই, তাঁরাই এই সব প্রচার করছেন। যে কেউ আমাদের পুজোয় এসে দেখে যেতে পারেন যে, কোনটা সত্যি আর কোনটা নয়।”
