দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল নেতা রাজু বাগের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Tarpaulin Recovered)। অভিযোগ, ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে তাঁর বন্ধ বাড়ির তালা ভেঙে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে প্রায় ৫০ হাজার ত্রাণের ত্রিপল উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজু বাগ ও তাঁর ভাই এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন। পরে বন্ধ ঘরে বিপুল পরিমাণ ত্রাণ মজুত থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এই ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের কলাগাছিয়ার মোড় এলাকায় তৃণমূল নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণ ত্রিপল মজুতের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিলি করার জন্য থাকা প্রায় ৫০ হাজার ত্রিপল দীর্ঘদিন ধরে গোপনে মজুত করে রাখা হয়েছিল। ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে বিপুল পরিমাণ ত্রিপল দেখতে পান বলেও দাবি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ এবং বিডিও অফিসের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর প্রশাসনিক স্তরে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এত বিপুল পরিমাণ ত্রিপল কীভাবে সেখানে জমা হল এবং তা সরকারি ত্রাণ কি না, সেই প্রশ্ন উঠছে এলাকাজুড়ে।
