১০০ বছরের ব্যবসায় বড় ধাক্কা! টাটাকে কেনিয়া ছাড়ার নির্দেশ রাষ্ট্রপতির

-

সাদিকুল খান, কলকাতাঃ বড় ক্ষতির মুখে পড়তে পারে টাটা গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা টাটা কেমিক্যালস (Tata Chemicals)। কেনিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সংস্থাটির জন্য। সম্প্রতি কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো টাটা কেমিক্যালসকে দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। কেনিয়ার রাষ্ট্রপতির অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্থাটি সেখানে ব্যবসা করলেও কেনিয়া, বিশেষ করে কাজিয়াদো অঞ্চলের মানুষ সেই ব্যবসা থেকে প্রত্যাশিত সুবিধা পাননি। এই কারণেই টাটা কেমিক্যালসের কার্যক্রম নিয়ে কড়া অবস্থান নিয়েছে কেনিয়া সরকার।

ব্যবসা গুটিয়ে নিচ্ছে টাটার এই সংস্থা

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাজিয়াদো অঞ্চল সফরে গিয়ে কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো টাটা কেমিক্যালসের ব্যবসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, টাটা প্রায় ১০০ বছর ধরে ওই এলাকায় ব্যবসা করে লাভবান হলেও স্থানীয় অঞ্চলটি সেই তুলনায় পর্যাপ্ত সুবিধা পায়নি। রুটোর অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সংস্থার পক্ষ থেকে সেখানে কোনও বড় কারখানা বা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি। তাঁর মতে, ওই এলাকায় বড় ধরনের শিল্প গড়ে উঠলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আর্থিক উন্নতির সুযোগ তৈরি হতো।

- Advertisement -

কেনিয়ার রাষ্ট্রপতি জানিয়েছেন, সে দেশের সরকার খুব শীঘ্রই টাটার মালিকানাধীন টাটা কেমিক্যালসের ব্যবসা বন্ধ করে তার জায়গায় দুটি অন্য সংস্থাকে সুযোগ দেবে। তারা ওই সংশ্লিষ্ট অঞ্চলটিতে নতুন করে কারখানা নির্মাণ করবে এবং বিভিন্ন রাসায়নিক উৎপাদন করবে। যদিও কেনিয়ার রাষ্ট্রপতির এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি টাটার এই সংস্থা।

প্রসঙ্গত, কেনিয়ায় টাটা কেমিক্যালসের ব্যবসার ইতিহাস ১০০ বছরেরও বেশি পুরনো। সংস্থাটির অধীনস্থ টাটা কেমিক্যালস মাগাদি লিমিটেড ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানটি কেনিয়ার মাগাদি হ্রদ থেকে সোডা অ্যাশ উৎপাদন করে। সংস্থার দাবি অনুযায়ী, এটি আফ্রিকার অন্যতম বৃহৎ সোডা অ্যাশ উৎপাদক এবং কেনিয়ার অন্যতম প্রধান রপ্তানিকারক সংস্থা। দীর্ঘদিন ধরে কেনিয়ার শিল্প ও রপ্তানি ক্ষেত্রে এই সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News