সমস্ত জল্পনা ও আসন সংখ্যা নিয়ে সংশয় কাটিয়ে অবশেষে বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। রাজনৈতিক মহলে ‘থালাপতি’ নামেই পরিচিত বিজয়ের সরকার গঠন নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ মুহূর্তে ভিডুথালাই চিরুথাইগাল কাচি (VCK) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (IUML)-এর সমর্থন পাওয়ায় পরিস্থিতি বদলে যায়। শেষ পর্যন্ত ১২০ আসনের শক্তিশালী সমর্থন নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করলেন তিনি।
চেন্নাইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ গ্রহণ
আজ সকালে চেন্নাই-র জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার সময় বিজয় নিজেকে “শ্রী জোসেফ বিজয়” বলে পরিচয় দেন। তামিল ভাষায় তাঁর বজ্রকণ্ঠে শপথ উচ্চারণের সঙ্গে সঙ্গেই গোটা স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। শুধু বিজয় নন, এদিন তাঁর মন্ত্রিসভার আরও ৯ জন সদস্যও শপথ নেন। সেই তালিকায় ছিলেন এন. আনন্দ, আধভ অর্জুনা, কে. এ. সেনগোত্তাইয়ান এবং এস. কীর্তনা-র মতো গুরুত্বপূর্ণ মুখ।
অনুষ্ঠানে উপস্থিত রাহুল গান্ধী, খাড়গে ও রজনীকান্ত
শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি অনুষ্ঠানে দেখা যায় সুপারস্টার রজনীকান্ত এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণান-কেও। প্রথম সারিতে বসে এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করেন এস. এ. চন্দ্রশেখর ও শোভা। অন্যদিকে, গত সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে তামিলাগা ভেটরি কাজাগাম (TVK) ১০৮টি আসন পেয়ে বড় চমক দিলেও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের থেকে ১০টি আসন পিছিয়ে ছিল। শুক্রবার পর্যন্ত সমর্থন ১১৬ আসনে আটকে থাকায় সরকার গঠন নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
VCK ও IUML-এর সমর্থনে ১২০-এ পৌঁছল জোট
তবে শেষ মুহূর্তে পরিস্থিতি পুরো বদলে যায়। আজ সকালে ভিডুথালাই চিরুথাইগাল কাচি (VCK) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (IUML) তাদের মোট ৪টি আসনের সমর্থন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে জোটের শক্তি পৌঁছে যায় ১২০-এ। দলগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুতে একটি “স্থিতিশীল ও গণতান্ত্রিক” সরকার গঠনের লক্ষ্যেই তারা বিজয়ের পাশে দাঁড়িয়েছে। এদিকে জনপ্রিয় দক্ষিণী তারকা বিজয়-কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে সকাল থেকেই চেন্নাই-র রাস্তায় উপচে পড়ে ভিড়। শপথগ্রহণ অনুষ্ঠানে স্টেডিয়ামের ভিতরে প্রায় ৫,০০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকলেও বাইরে হাজার হাজার সমর্থকের স্লোগান ও উচ্ছ্বাসে উৎসবের পরিবেশ তৈরি হয়।
