জানারুল খান, কলকাতাঃ সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। হলমার্কিং ফি নিয়ে বড় আপডেট এসেছে। গোল্ড হলমার্কিংয়ের ফি ৬৬.৭ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন হারে গোল্ড আর্টিকেলের হলমার্কিংয়ের জন্য এতদিনের ৪৫ টাকার পরিবর্তে প্রতি আর্টিকেলে ৭৫ টাকা ফি দিতে হবে। নতুন এই হার ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে, সিলভার আর্টিকেলের হলমার্কিং ফি প্রতি আর্টিকেল ৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি, গোল্ড কনসাইনমেন্টের ক্ষেত্রে ন্যূনতম হলমার্কিং ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
হলমার্কিং কী?
হলমার্কিং হল মূল্যবান ধাতু দিয়ে তৈরি গয়না বা অন্য কোনও আর্টিকেলে থাকা ধাতুর বিশুদ্ধতা বা ফাইননেস নির্ভুলভাবে নির্ধারণ করে তার সরকারি রেকর্ড রাখার প্রক্রিয়া। BIS-এর মতে, হলমার্ক গ্রাহকদের সোনা বা রুপোর বিশুদ্ধতা সম্পর্কে তৃতীয় পক্ষের নির্ভরযোগ্যতা প্রদান করে। বর্তমানে গোল্ড জুয়েলারির হলমার্কে BIS-এর লোগো, সোনার ক্যারেট বা ফাইননেস এবং ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID নম্বর থাকে।
হলমার্কিংয়ের প্রক্রিয়ায় প্রথমে জুয়েলার গয়না BIS অনুমোদিত Assaying & Hallmarking Centre বা A&H Centre-এ পাঠান। সেখানে গয়নাটি পরীক্ষা করে তার বিশুদ্ধতা নির্ধারণ করা হয়। নির্ধারিত মান অনুযায়ী বিশুদ্ধতা পাওয়া গেলে তবেই গয়নার উপর হলমার্ক দেওয়া হয়।
ফি বাড়লে কী প্রভাব পড়বে?
হলমার্কিংয়ের ফি ৪৫ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা হওয়ায় প্রতি গোল্ড আর্টিকেলের হলমার্কিং খরচ ৩০ টাকা বাড়বে। BIS-এর নিয়ম অনুযায়ী, এই ফি গয়নার ওজনের ভিত্তিতে নয়, প্রতি আর্টিকেল হিসেবে নেওয়া হয়। ফলে একটি গয়নার ওজন কম বা বেশি হলেও হলমার্কিং ফিতে কোনও পরিবর্তন হবে না।
এই ফি বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে জুয়েলার এবং হলমার্কিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত খরচের উপর। জুয়েলার চাইলে এই অতিরিক্ত খরচ নিজেই বহন করতে পারেন, আবার চাইলে তা গ্রাহকের কাছ থেকেও নিতে পারেন। তবে হলমার্কিং ফি ৩০ টাকা বাড়লেই যে প্রত্যেক গ্রাহকের বিলে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত ৩০ টাকা যোগ হবে, এমনটা নয়। গ্রাহকের উপর এর প্রকৃত প্রভাব নির্ভর করবে জুয়েলার এই অতিরিক্ত খরচ কীভাবে সামলাচ্ছেন তার উপর।
গ্রাহকদের কী জানা জরুরি?
হলমার্কিং ফি সোনার বাজারদর, মেকিং চার্জ বা ওয়েস্টেজ চার্জের থেকে আলাদা। BIS-এর FAQ অনুযায়ী, হলমার্কিং ফি-র মধ্যে মেকিং এবং ওয়েস্টেজ চার্জ অন্তর্ভুক্ত থাকে না। জুয়েলার চাইলে এই চার্জ গ্রাহকের কাছ থেকে নিতে পারেন অথবা ছাড় হিসেবেও দিতে পারেন।
