প্রতিদিন ট্রেনে যাতায়াত করা যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর আনতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। এবার ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরেও অনলাইনে কনফার্ম সিট বুক করার সুযোগ মিলতে পারে। নতুন এই ব্যবস্থায় যদি কোনও যাত্রী নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনে না ওঠেন এবং তাঁর আসন খালি থাকে, তাহলে সেই সিট পরবর্তীতে অন্য যাত্রী অনলাইনে বুক করতে পারবেন। আর এই নতুন ব্যবস্থা চালু করতে রেলের প্রযুক্তি সংস্থা সিআরআইএস ইতিমধ্যেই একটি বিশেষ সফটওয়্যার আপগ্রেডের কাজ শুরু করেছে।
কীভাবে কাজ করবে নতুন প্রযুক্তি? (Indian Railways)
বর্তমানে কোনও যাত্রী কনফার্ম টিকিট কেটে ট্রেনে না উঠলে সেই খালি সিট সাধারণত ট্রেনের ভিতরে থাকা অন্য যাত্রীদের টিটিই বরাদ্দ করে দেন। তবে নতুন ব্যবস্থায় পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাল ও আরও স্বচ্ছ করার পরিকল্পনা করা হচ্ছে। এজন্য টিটিইদের হাতে থাকা হ্যান্ডহেল্ড টার্মিনাল ডিভাইস আপগ্রেড করা হচ্ছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও যাত্রী ট্রেনে না উঠলে সংশ্লিষ্ট সিটটি সরাসরি খালি হিসেবে আপডেট করা যায়। এরপর সেই তথ্য অনলাইনে IRCTC সিস্টেমে দেখা যাবে এবং অন্য যাত্রীরা সেই খালি সিট অনলাইনে বুক করার সুযোগ পাবেন।
ট্রেন ছাড়ার পরেও অনলাইনে খালি সিট বুক করা যাবে
এবার ধরুন, কোনও এক্সপ্রেস ট্রেনে কোনও যাত্রী কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠলেন না। সেক্ষেত্রে টিটিই সিস্টেমে আপডেট করতেই সেই সিট অনলাইনে খালি হিসেবে দেখাবে। তখন অন্য কোনও স্টেশন থেকে যাত্রা করতে চাওয়া কোনও ব্যক্তি সেই সিট অনলাইনের মাধ্যমে বুক করে নিতে পারবে। আর বুকিং সম্পন্ন হলে নতুন যাত্রীর সমস্ত তথ্য টিটিই-র হাতে থাকা সেই হ্যান্ড হেল্ড টার্মিনাল ডিভাইসে চলে যাবে।
রেলের এই নতুন উদ্যোগে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন আরএসি ও ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা। এতদিন কনফার্ম টিকিট না পাওয়া যাত্রীদের অনেকটাই ট্রেনে ওঠার পর টিটিই-র সিদ্ধান্ত ও খালি সিটের পরিস্থিতির উপর নির্ভর করতে হতো, ফলে সবসময় সিট পাওয়া যেত না। কিন্তু নতুন ডিজিটাল ব্যবস্থায় কোনও যাত্রী ট্রেনে না উঠলে সেই সিটের তথ্য দ্রুত অনলাইনে আপডেট হবে এবং যাত্রীরা আগেই জানতে পারবেন কোন সিট খালি রয়েছে। এর ফলে শেষ মুহূর্তেও কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে এবং পুরো সিট বরাদ্দ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে।
