পিঙ্কি সরকার, কলকাতা: কথামতোই গত সোমবার, ১৭ আগস্ট রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে এখনও বহু আবেদনকারী টাকা পাননি বলে অভিযোগ করেছেন। এর মধ্যেই সরকারি তথ্য অনুযায়ী, সোমবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পের তালিকা থেকে প্রায় ১৭ লাখ মহিলার নাম বাদ দেওয়া হয়েছে। আপাতত পাওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ না করার কারণেই তাঁদের নাম বাতিল করা হয়েছে। ফলে একদিকে যখন যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তখন অন্যদিকে এত সংখ্যক আবেদনকারীর নাম বাদ যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
এই মহিলারা জীবনেও পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা
রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, অন্নপূর্ণা যোজনার সমস্ত শর্ত পূরণ করা যোগ্য কোনও মহিলাকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। নিয়ম অনুযায়ী, শুধুমাত্র যোগ্য মহিলারাই এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার অধিকারী। তবে যাঁদের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি কিংবা যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত নেই, তাঁরা আবেদন করলেও এই সুবিধা পাবেন না। অন্যদিকে, বহু মহিলা দাবি করেছেন, প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করার পরেও তাঁদের অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ প্রকল্পের জন্য যোগ্য প্রমাণিত হলে তাঁকে বঞ্চিত করা হবে না। ফলে নিয়ম মেনে আবেদন করার পরেও টাকা না পাওয়ায় রাজ্যের বহু মহিলার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এখন তাঁদের প্রশ্ন, সমস্ত শর্ত পূরণ করার পরেও কেন অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা জমা পড়ল না?
সরকারি সূত্র মারফত খবর, যেসব মহিলাদের নাম অন্নপূর্ণা যোজনার প্রাপকের তালিকা থেকে বাদ পড়েছে কিংবা টাকা ঢোকেনি তাঁরা, এই সমস্যার কারণ জেনে নিতে পারবেন অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল সোশ্যাল রেজিস্ট্রি থেকে। মুখ্যমন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 20 আগস্টই এই বিশেষ পোর্টাল চালু করা হবে। যদিও পরবর্তীতে একটি সরকারি সূত্র জানিয়েছে, আজ অর্থাৎ 19 তারিখেই এই পোর্টাল খোলার কথা। কাজেই পোর্টালটি খুললে সেখানে ভিজিট করেই প্রকল্পের তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ দেখে নিতে পারবেন মহিলারা।
