নিজস্ব সংবাদদাতা,ডোমকলঃ রক্তের ঘাটতি মেটাতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে একসঙ্গে তিনটি সামাজিক কর্মসূচির আয়োজন করল ডোমকলের কুশাবাড়িয়া তরুণ সংঘ। ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকলের এসডিপিও রজত কুমার ঘোষ, বিডিও পেমবা নারবু শেরপা এবং প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস। অনুষ্ঠানে তাঁদের প্রত্যেককে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান ক্লাবের সদস্যরা।
রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন
এদিন এলাকার সুস্থ ও সবল মানুষ রক্তদান শিবিরে অংশ নেন। পাশাপাশি অসুস্থ মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অন্যদিকে, অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ক্লাবের সদস্যরা। জানা গিয়েছে, চলতি বছর থেকেই কুশাবাড়িয়া তরুণ সংঘের যুবকেরা বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি শুরু করেছেন। শুধু এই তিনটি উদ্যোগই নয়, নেশামুক্ত সমাজ গড়ে তোলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেও নানা প্রচার চালানো হচ্ছে।
ক্লাবের সদস্যদের এই উদ্যোগে খুশি প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এলাকার বিশিষ্টজনেরাও। তাঁদের কাজের প্রশংসা করে ডোমকলের এসডিপিও রজত কুমার ঘোষ পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একদিকে রক্তের ঘাটতি মেটানোর চেষ্টা, অন্যদিকে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো—সব মিলিয়ে কুশাবাড়িয়া তরুণ সংঘের এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
