দিনের পর দিন ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। তার উপর জ্যৈষ্ঠের প্রখর রোদে অস্বস্তি আরও বেড়েছিল। তবে শুক্রবার ভোর থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলেছে। আজও বিকেলের দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকায় গরমের দাপট সাময়িক কমলেও পুরোপুরি স্বস্তি এখনও মিলছে না। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা ভাব বজায় থাকতে পারে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। ফলে মাঝেমধ্যে তাপমাত্রা কিছুটা কমলেও গরম ও আর্দ্রতার অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই মনে করা হচ্ছে (Weather Tomorrow)।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ইতিমধ্যেই বর্ষা সক্রিয় হলেও উত্তর ভারতে এখনও পুরোপুরি প্রবেশ করেনি। তবে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে শুরু করেছে পূর্ব ও পূর্ব-মধ্য ভারতে। শেষ আপডেট অনুযায়ী, পূর্ব উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত এবং উত্তরবঙ্গ ও সংলগ্ন বিহার এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আংশিক থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে তাপমাত্রায় সাময়িক স্বস্তি মিললেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম পুরোপুরি কমবে না বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝেমধ্যে রোদের দেখাও মিলবে। তবে তার তেজ খুব বেশি না থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। বিকেলের দিকে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া ও মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)
যখন দক্ষিণবঙ্গ এখনও বর্ষার অপেক্ষায় দিন গুনছে, তখন উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি জোরদার হতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও কয়েকদিন ধরে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে, তাই পাহাড় ও ডুয়ার্স অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তুলনামূলকভাবে কম বৃষ্টি হলেও মেঘলা আকাশ ও বৃষ্টির প্রভাবে সেখানে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
