জানারুল খান, কলকাতাঃ পূর্বাভাস অনুযায়ী, গতকাল মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই টানা বৃষ্টি হয়েছে। ফলে এখনও বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতি রয়েছে এবং দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজ বুধবারও আবহাওয়ার পরিস্থিতি মোটের উপর একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থাৎ টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ধীরে ধীরে স্বস্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সারাদিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। যদিও বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল কলকাতাতেও আকাশ মোটের উপর মেঘলা থাকবে। এর জেরে শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির প্রভাবে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই প্রায় ৪.৮ ডিগ্রি সেলসিয়াস কমেছে। কিন্তু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে স্বস্তির খবর, সপ্তাহান্তে উত্তরবঙ্গের কোথাও নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা নেই।
