সাদিকুল খান, কলকাতাঃ তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে চলা বিতর্কের অবসান কি বৃহস্পতিবারই হতে চলেছে? জাতীয় নির্বাচন কমিশন সূত্রে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, আগামীকাল, বৃহস্পতিবারই প্রতীক বিতর্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে কমিশন। উল্লেখ্য, আজ বুধবার তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের তরফে যাবতীয় নথি জমা পড়েছে। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই বৈঠকের পরেই প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন।
প্রসঙ্গত, নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে কালীঘাট এবং ঋতব্রতপন্থী তৃণমূল। দুই পক্ষই জানিয়েছে, তারা জোড়াফুল প্রতীকেই লড়াই করবে। আজই দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে তৃণমূলের দুই শিবির জোড়াফুল প্রতীকে লড়াইয়ের দাবি জানালেও নির্বাচন কমিশনে প্রতীক নিয়ে দু’পক্ষের বিরোধের এখনও নিষ্পত্তি হয়নি। ফলে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও উপনির্বাচনে তৃণমূলের জোড়াফুল প্রতীক আদৌ থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এদিকে, উপনির্বাচনে তৃণমূলের জোড়াফুল প্রতীক থাকার সম্ভাবনা কম বলেই মনে করছেন নির্বাচন কমিশনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো প্রাক্তন আমলা জহর সরকার। প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার বলেন, “প্রতীক বণ্টনের ক্ষেত্রে বহু পুরনো রুল আছে। সিম্বল অ্যালটমেন্ট অ্যান্ড অ্যালোকেশন রুল ১৯৮৮-র ১৫ নম্বর রুল অনুযায়ী প্রতীক নিয়ে কোনও দ্বন্দ্ব বা বিবাদ তৈরি হলে দুই পক্ষের কাছ থেকে লিখিত বক্তব্য চাওয়া হয়, তারপর শুনানি হয়।”
জহর সরকারের কথায়, “তৃণমূলের ক্ষেত্রেও দু’পক্ষের শুনানি শেষ হয়েছে। শুনানির সময় দুই পক্ষই নিজেদের দাবি জানিয়েছে, সেই দাবি বিপরীত পক্ষকে পাঠানো হয়েছে। ফলে এই প্রক্রিয়া চলবে। তাই মনে হচ্ছে না, উপনির্বাচনের আগে এই জটের নিষ্পত্তি হবে।” তাঁর মতে, উপনির্বাচন ফ্রি সিম্বলেই হতে পারে। ফ্রি সিম্বলে লড়াই করলেও কোনও ক্ষতি হয় না বলেই মনে করছেন নির্বাচন কমিশনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো এই প্রবীণ প্রাক্তন আমলা।
