নিজস্ব সংবাদদাতা,মালদাঃ মালদায় কর্তব্যরত ট্রাফিক ওসির উপর হামলার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। হেলমেট ছাড়া বাইক চালানোর সময় তাঁদের আটক করে লাইসেন্স দেখতে চেয়েছিলেন ট্রাফিক ওসি আজমল হোসেন। অভিযোগ, সেই সময়ই তাঁকে নাকের উপর ঘুষি মারেন দুই যুবক। এই ঘটনায় রক্তাক্ত হন ওই পুলিশ আধিকারিক। তাঁর নাকে তিনটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
লাইসেন্স দেখতে চাওয়ায় ট্রাফিক ওসিকে মারধরের অভিযোগ
ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার অন্তর্গত লগাম্বা এলাকায়। জানা গিয়েছে, লগাম্বা থেকে পুখুরিয়ার দিকে যাওয়ার পথে হেলমেটবিহীন একটি বাইকে থাকা দুই যুবককে দাঁড় করান ট্রাফিক ওসি আজমল হোসেন। এরপর তাঁদের কাছে বাইকের লাইসেন্স দেখতে চান তিনি। অভিযোগ, সেই সময়ই দুই যুবকের মধ্যে একজন তাঁর নাকের উপর ঘুষি মারেন। এতে রক্তাক্ত হন ট্রাফিক ওসি। পরে তাঁর নাকে তিনটি সেলাই করতে হয়।
অভিযুক্তদের একজন অগ্নিবীর পদে কর্মরত!
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত দুই যুবকের বাড়ি পরানপুর এলাকায়। তাঁরা সম্পর্কে দাদা-ভাই। তাঁদের মধ্যে একজন অগ্নিবীর পদে কর্মরত বলেও জানা গিয়েছে। এই ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁরা কর্তব্যরত ট্রাফিক ওসির উপর হামলা চালালেন, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। প্রকাশ্য রাস্তায় কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর এমন হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
