নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সাংসদ তহবিলের অর্থে ৯৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে তুলে দেওয়া হল ট্রাইসাইকেল। শুক্রবার বিকেলে হরিহরপাড়া থানার কিশানমণ্ডি প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। তিনি নিজে ৯৫ জন পুরুষ ও মহিলার হাতে ট্রাইসাইকেল তুলে দেন।
সাংসদ তহবিলের অর্থে আয়োজিত এই উদ্যোগের ফলে এলাকার বহু প্রতিবন্ধী মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে তাঁদের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। ট্রাইসাইকেল পেয়ে উপভোক্তারা নিজেদের প্রয়োজনীয় কাজে আরও সহজে যাতায়াত করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
এই কর্মসূচিতে সাংসদ আবু তাহের খানের পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল জাহা, হরিহরপাড়ার জয়েন্ট বিডিও সমনা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সদস্য মমিনুল হাসান, গোলাম মর্তুজা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতেই উপভোক্তাদের হাতে একে একে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়।
