রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় উত্তেজনা ও ক্ষোভের ঘটনার খবর সামনে আসছে। কিছুদিন আগে Abhishek Banerjee-কে ঘিরে বিক্ষোভের ঘটনা আলোচনায় এসেছিল। এবার Shyampur-এ ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এক তৃণমূল নেতাকে স্থানীয়দের একাংশ মাথা মুড়িয়ে ও গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তৃণমূল নেতার বেহাল দশার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এলাকাবাসীর হাতেই শিক্ষা পেলেন তৃণমূল নেতা!
হাওড়ার শ্যামপুরের অমরদহ এলাকায় একসময় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন সন্ন্যাসী মান্না। এলাকাবাসীর দাবি, ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমছিল। স্থানীয়দের বক্তব্য, একসময় এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে এবং সেই ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে।
শেষ পর্যন্ত, আজ অর্থাৎ রবিবার গ্রামবাসীরা এক জোট হয়ে ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরেন। এমনকি কিছু কটুক্তিকর কথা বলতে বলতেই ওই তৃণমূল নেতার গায়েও হাত তোলেন স্থানীয়রা। এরপরই ক্ষুব্ধ জনতা অভিযুক্তের মাথার একাংশ কামিয়ে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পরনে খাটো করে পরা একটি লুঙ্গি। খালি গা। কাপড়ের একাংশ দিয়ে দড়ি বানিয়ে বাঁধা হয়েছে তৃণমূল নেতার কোমরে। সেটা সামনে এবং পেছন থেকে ধরে রয়েছেন কয়েকজন। এভাবেই ওই তৃণমূল নেতাকে টানতে টানতে গোটা পাড়ায় ঘোরান স্থানীয়রা।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনার ঝড় ওঠে এবং অনেক নেটিজেন মন্তব্য করেন, “কৃতকর্মের উপযুক্ত জবাবই পেলেন ওই নেতা।” এরপর পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বুঝতে পেরে দ্রুতই শ্যামপুর এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়, যদিও শুরুতে ভিড় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় বলে জানা গেছে। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে ও পরিস্থিতি শান্ত করে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনে পুলিশ। একই সঙ্গে জানা গেছে, শ্যামপুর থানায় ওই সন্ন্যাসী মান্না-র বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা নিয়ে এখন তদন্ত শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
