সাদিকুল খান, কলকাতাঃ ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। সেপাহিজলা জেলার কলমচৌড়া থানার অন্তর্গত আশাবাড়ি নতুন বাজার এলাকায় বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন তিনজন জওয়ান। শুধু তাই নয়, সংঘর্ষে আন্দোলনকারীদের একাংশও আহত হয়েছেন বলে খবর। ঘটনার সময় একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের পর উত্তপ্ত আশাবাড়ি, মোতায়েন সশস্ত্র বাহিনী
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশাবাড়ি এলাকায় সশস্ত্র পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন।
বিএসএফের উপর হামলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া পদক্ষেপের নির্দেশ
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সমাজমাধ্যমে দেওয়া বার্তায় বিএসএফ জওয়ানদের উপর হামলাকে নৃশংস আক্রমণ বলে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের উপর এ ধরনের হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
এক বছরে দ্বিতীয় হামলা, সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
অন্যদিকে, আশাবাড়ির এই সংঘর্ষ নিয়ে বিএসএফের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে সংঘর্ষের প্রকৃত কারণ এবং আহত জওয়ানদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। উল্লেখ্য, গত এক বছরের মধ্যে ত্রিপুরায় বিএসএফের উপর হামলার এটি দ্বিতীয় ঘটনা বলে জানা যাচ্ছে। এর আগে সেপাহিজলা জেলার বিশালগড় বাজারে একটি গাড়িতে হামলার ঘটনায় চারজন বিএসএফ জওয়ান ও একজন আধিকারিক আহত হয়েছিলেন। পরপর এই ধরনের ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
