Sanju Das, কলকাতাঃ ভারতের ১২৫ সিসির স্পোর্টি কমিউটার বাইকের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে TVS Raider 125-এ একাধিক নতুন ফিচার যুক্ত করল টিভিএস মোটর কোম্পানি। আপডেটেড মডেলে এবার ট্র্যাকশন কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেক ওয়ার্নিং, দ্রুত চার্জিংয়ের জন্য ২৭ ওয়াটের ইউএসবি টাইপ-সি চার্জার এবং আরও চওড়া পিছনের টায়ার পাওয়া যাবে। তবে এই সুবিধাগুলি শুধুমাত্র বাইকটির সর্বোচ্চ দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। নতুন ফিচার যুক্ত হলেও বাইকটির ডিজাইন ও ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। আপডেটের পর TVS Raider 125-এর TFT DD ভ্যারিয়েন্টের দাম হয়েছে ১,০৩,১৭০ টাকা এবং SXC DD ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,০০,৩৩০ টাকা।
TVS Raider 125-এ নতুন কী কী ফিচার যুক্ত হল?
টিভিএসের তরফে জানানো হয়েছে, TVS Raider 125-এর নতুন ফিচারগুলি শুধুমাত্র SXC DD এবং TFT DD ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। নতুন মডেলে ট্র্যাকশন কন্ট্রোল যুক্ত হয়েছে, যা পিছনের চাকা পিছলে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া হঠাৎ জোরে ব্রেক করলে পিছনের যানবাহনকে সতর্ক করার জন্য রয়েছে ইমার্জেন্সি ব্রেক ওয়ার্নিং ফিচার। চার্জিংয়ের সুবিধা বাড়াতে আগের ১২ ওয়াটের ইউএসবি-এ চার্জারের বদলে দেওয়া হয়েছে ২৭ ওয়াটের ইউএসবি টাইপ-সি চার্জার। পাশাপাশি, পিছনের টায়ারের মাপ ১১০/৮০-১৭ থেকে বাড়িয়ে ১২০/৭০-১৭ করা হয়েছে। তবে এই আপডেটে বাইকের ডিজাইন ও ইঞ্জিনে কোনও পরিবর্তন আনা হয়নি।
কীভাবে কাজ করবে ট্র্যাকশন কন্ট্রোল?
ট্র্যাকশন কন্ট্রোল এমন একটি প্রযুক্তি, যা পিছনের চাকা অতিরিক্ত ঘুরে যাওয়া বা গ্রিপ হারানোর ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে পিচ্ছিল, অসমান বা নুড়িপাথর ছড়ানো রাস্তায় এই ফিচার বাইকের নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়ক হতে পারে। অন্যদিকে, TVS Raider 125-এ নতুন ১২০/৭০-১৭ মাপের চওড়া পিছনের টায়ার দেওয়া হয়েছে, যা গ্রিপ ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করতে পারে।
TVS Raider 125-এর নতুন দাম কত?
| ভ্যারিয়েন্ট | দাম |
| SXC DD | ১,০০,৩৩০ টাকা |
| TFT DD | ১,০৩,১৭০ টাকা |
