ভারতের ইতিহাস শুধু মাটির নিচেই নয়, লুকিয়ে রয়েছে জলের গভীরেও। দেশের বিভিন্ন প্রান্তে এমন কয়েকটি প্রাচীন স্থান রয়েছে, যেগুলি সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্র বা নদীর জলের তলায় হারিয়ে গিয়েছে। একসময় যেখানে ছিল জনবসতি, মন্দির, বন্দর কিংবা সভ্যতার নিদর্শন, আজ সেগুলিই রয়েছে জলের নিচে। প্রত্নতাত্ত্বিকরা আধুনিক প্রযুক্তির সাহায্যে সেই হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ চালাচ্ছেন। জলের তলা থেকে উদ্ধার হওয়া এই নিদর্শনগুলি ভারতের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির এক অজানা অধ্যায়ের সাক্ষী হয়ে রয়েছে।
ভারতে জলের নিচে নেমে প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে হারিয়ে যাওয়া ইতিহাস খোঁজার কাজ এতদিন খুব একটা হয়নি। এবার সেই ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। জলের তলায় চলে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইটে ডুব দিয়ে অনুসন্ধান ও খননকাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে গুজরাটের দ্বারকা ও বেট দ্বারকা, তামিলনাড়ুর মহাবলিপুরম এবং পুদুচেরির করাইকাল—এই ৪টি স্থানকে বেছে নেওয়া হয়েছে। এরপর ২০৩০ সালের মধ্যে মহারাষ্ট্রের বিজয় দুর্গ ও জাঞ্জিরার মতো ঐতিহাসিক স্থানেও জলের নিচে নেমে প্রত্নতাত্ত্বিক গবেষণা চালানোর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে জলের তলায় লুকিয়ে থাকা ভারতের প্রাচীন ইতিহাসের বহু অজানা তথ্য সামনে আসতে পারে।
এর আগে বেট দ্বারকায় চালানো প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে মিলেছে হরপ্পা যুগের মাটির পাত্রসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন। পাশাপাশি হরপ্পা সভ্যতার শেষ পর্বের একটি সিলও উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। জলের তলায় থাকা এই এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার বছরের পুরনো একটি বিশাল দেওয়ালের সন্ধানও মিলেছে, যার দৈর্ঘ্য প্রায় ৫৮০ মিটার। নতুন করে জলের নিচে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হলে আরও কী কী ঐতিহাসিক তথ্য ও নিদর্শন সামনে আসে, তা নিয়ে ইতিমধ্যেই ইতিহাসপ্রেমী ও গবেষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্যে লেখা।
