নির্বাচনে ধাক্কার পর ট্রাম্পের পদক্ষেপ! ভারতের ৯ সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি আমেরিকার

সাদিকুল খান, কলকাতাঃ আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর মধ্যেই ভারতের উপর প্রভাব ফেলল মার্কিন প্রশাসনের এক নতুন সিদ্ধান্ত। ইরানের তেল ব্যবসার উপর জারি থাকা নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় দম্পতি এবং তাঁদের সঙ্গে যুক্ত একাধিক সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। জানা গিয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগের তরফে ভারতের নাগরিক সুনীল কুমার শর্মা ও তাঁর স্ত্রী জসপ্রিত প্রীতি শাহিদ এবং তাঁদের সঙ্গে যুক্ত মোট ৯টি সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

- Advertisement -

কেন ভারতীয় দম্পতির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা?

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রশাসনের অভিযোগ, সুনীল কুমার শর্মা ও তাঁর স্ত্রী জসপ্রিত প্রীতি শাহিদের নেতৃত্বে একটি নেটওয়ার্ক ইরানের ‘শ্যাডো ফ্লিট’-কে বিভিন্নভাবে সাহায্য করত। অভিযোগ, এই নেটওয়ার্কের মাধ্যমে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলিকে ভুয়ো পতাকা ও জাল সামুদ্রিক শংসাপত্র দেওয়া হতো। এর ফলে ইরানের তেল পরিবহণে যুক্ত জাহাজগুলি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সামুদ্রিক নিয়মকানুন এড়িয়ে চলার সুযোগ পেত বলে দাবি করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন ট্রেজারি বিভাগের আরও অভিযোগ, এই নেটওয়ার্কটি বিভিন্ন দেশের নামে জাহাজ রেজিস্ট্রেশন ও সামুদ্রিক পরিষেবা দেওয়ার জন্য একাধিক ওয়েবসাইট তৈরি করেছিল। সেই ওয়েবসাইটগুলির মাধ্যমে জাহাজের রেজিস্ট্রেশন, নাবিকদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় শংসাপত্র প্রদান থেকে শুরু করে জাহাজের শ্রেণিবিন্যাসের মতো পরিষেবাও দেওয়া হতো বলে দাবি মার্কিন প্রশাসনের। এর আড়ালেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলিকে প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে দেওয়া হতো বলে অভিযোগ।

- Advertisement -

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় কোন ৯টি সংস্থার নাম রয়েছে?

ট্রাম্প প্রশাসনের প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় সুনীল কুমার শর্মা ও জসপ্রিত প্রীতি শাহিদের পাশাপাশি তাঁদের সঙ্গে যুক্ত একাধিক সংস্থার নাম রয়েছে। তালিকায় রয়েছে ওশানিক টেকনোলজিস ইন্ডিয়া, আর্যাবর্ত শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, প্রিসেপ্ট ট্রেন্ডস প্রাইভেট লিমিটেড, পলিনেশিয়া মেরিটাইম প্রাইভেট লিমিটেড, অ্যালেক্সারিয়া ফিনসার্ভ প্রাইভেট লিমিটেড, অ্যালেক্সারিয়া মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, বিহারাবোটিং প্রাইভেট লিমিটেড এবং আর্যাবর্ত মেরিটাইম অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট। এ প্রসঙ্গে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানকে সাহায্যকারী ব্যক্তি ও সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে ওয়াশিংটন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও জারি থাকবে বলেও স্পষ্ট করেছে মার্কিন প্রশাসন।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News