আমিষ রান্নায় পাঁঠা বা মুরগির কিমা অনেকেরই পছন্দের তালিকায় থাকে। ঝাল ঝাল মশলায় তৈরি মিহি কিমার স্বাদ সত্যিই লোভনীয়। তবে যারা আমিষ খান না, তাদের জন্যও রয়েছে দারুণ একটি বিকল্প—নিরামিষ লাহোরি কিমা। পরিচিত কিছু সবজি দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু পদ, যা দেখতে অনেকটাই আসল কিমার মতো লাগে। লাল রঙের মশলাদার এই রান্না পরিবেশন করলে প্রথম দেখায় বোঝাই কঠিন যে এটি সম্পূর্ণ নিরামিষ। প্রতিদিনের সবজি রান্নায় একঘেয়েমি এলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন লাহোরি কিমা, যা স্বাদে ও পরিবেশনে সবাইকে মুগ্ধ করবে।
আরও পড়ুন: বাচ্চার টিফিনে বানান সুজির চকোলেট হালুয়া, খুদে আর টিফিন ফেরত আনবে না
লাহোরি কিমা বানানোর উপকরণ
- ১টি বড় ক্যাপসিকাম
- ১টি বড় গাজর
- ৫-৬টি বিনস
- ২টি বড় পেঁয়াজ
- ৭-৮টি কাঁচালঙ্কা
- ১০০ গ্রাম পনির
- ২-৩টি কাশ্মীরি শুকনো লঙ্কা
- ১০-১২ কোয়া রসুন
- ১০-১২টি কাজুবাদাম
- ২টি মাঝারি টমেটো
- ২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- ১ টেবিল চামচ জিরে
- আধা চা চামচ ধনে গুঁড়ো
- আধা চা চামচ জিরে গুঁড়ো
- ১ টেবিল চামচ কসৌরি মেথি
- ১ টেবিল চামচ মাখন
- ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
আরও পড়ুন: চিতল নয়, রুই মাছেই বানান দারুণ মুইঠ্যা! কম খরচে জমে যাবে দুপুরের ভাত
লাহোরি কিমা তৈরির পদ্ধতি
প্রথমে পেঁয়াজসহ সমস্ত সবজি ভালোভাবে ধুয়ে মিহি করে কুচিয়ে নিন। পনির গ্রেট করে আলাদা করে রাখুন। এরপর কাজুবাদাম গরম জলে ভিজিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে কাশ্মীরি শুকনো লঙ্কা ও রসুন দিয়ে ফোড়ন দিন। হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ একটু নরম হয়ে এলে ভেজানো কাজুবাদাম ও টমেটোর টুকরো যোগ করুন। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, সামান্য চিনি ও অল্প জল দিয়ে সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হতে দিন। সবজি নরম হয়ে গেলে আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা করে মিহি করে বেটে নিন।
অন্য একটি কড়াইয়ে তেল ও ঘি গরম করে জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এবার কুচিয়ে রাখা সবজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন। এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন ও কসৌরি মেথি দিয়ে মিশিয়ে নিন।
সবজি নরম হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি ঢেলে দিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। প্রয়োজন হলে সামান্য জল যোগ করতে পারেন। এরপর গ্রেট করা পনির দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। একদম শেষে মাখন দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে উপর থেকে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে দিন। গরম গরম রুটি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নিরামিষ লাহোরি কিমা।
