কিছুদিন আগেই গুগল প্লে কনসোলে Vivo Y05e স্মার্টফোনটিকে দেখা গিয়েছিল, যেখানে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছিল। এবার Vivo-এর পক্ষ থেকে এই নতুন বাজেট স্মার্টফোনটি দক্ষিণ আফ্রিকার বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এন্ট্রি লেভেল সেগমেন্টের কথা মাথায় রেখে Vivo Y05e-তে সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, পর্যাপ্ত স্টোরেজ এবং দৈনন্দিন কাজের জন্য উপযুক্ত প্রসেসর। কম দামের মধ্যে ভালো পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে এই ফোনটি বাজারে আনা হয়েছে। Vivo Y05e-এর দাম, ফিচার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল।
Vivo Y05e ফোনের দাম
দক্ষিণ আফ্রিকার অন্যতম শপিং সাইট ভোডাকমের মাধ্যমে Vivo Y05e ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটি 4GB RAM + 64GB storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে 2499 সাউথ আফ্রিকান রান্ড, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 14,500 টাকার কাছাকাছি।
Vivo Y05e স্মার্টফোনটিতে RAM Expansion টেকনোলজি দেওয়া হয়েছে, যার ফলে ফোনের পারফরম্যান্স আরও উন্নত হবে। এতে থাকা 4GB ফিজিক্যাল RAM-এর সঙ্গে অতিরিক্ত 4GB ভার্চুয়াল RAM যুক্ত করে মোট 8GB RAM-এর মতো পারফরম্যান্স পাওয়া যাবে। এই ফিচারের সাহায্যে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার এবং মাল্টিটাস্কিং আরও সহজ হবে। বিদেশের বাজারে Vivo Y05e ফোনটি আকর্ষণীয় Green কালার ভ্যারিয়েন্টে বিক্রি করা হবে। তবে এই বাজেট স্মার্টফোনটি ভারতের বাজারে কবে লঞ্চ করা হবে বা আদৌ লঞ্চ হবে কি না, সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও অফিসিয়াল তথ্য জানানো হয়নি।
Vivo Y05e ফোনের স্পেসিফিকেশন
Vivo Y05e স্মার্টফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনটি LCD প্যানেলের উপর তৈরি এবং এতে ওয়াটার ড্রপ নচ ডিজাইন দেওয়া হয়েছে। ডিসপ্লের চারপাশে ন্যারো বেজেল থাকলেও নিচের দিকে কিছুটা চওড়া চিন পার্ট রয়েছে। ফোনটির পুরুত্ব 76.95mm এবং ওজন 199 গ্রাম। এছাড়াও ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখতে IP64 রেটিং দেওয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে Vivo Y05e Android 16 ভিত্তিক OriginOS 6 অপারেটিং সিস্টেমে চলে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Unisoc T606 চিপসেট, যা 12nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি একটি অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসরটি সর্বোচ্চ 1.6GHz ক্লক স্পিডে কাজ করতে পারে। ফোনটিতে রয়েছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যা সাধারণ ব্যবহার, সোশ্যাল মিডিয়া, অনলাইন ক্লাস এবং দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট।
Vivo Y05e 4G ফোনের ক্যামেরা ফিচারের দিকে নজর দিলে, এর পিছনের প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 8MP-এর সিঙ্গেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে, সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi, Bluetooth, USB Type-C পোর্টের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাকও রাখা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y05e-তে রয়েছে 5150mAh ব্যাটারি। বর্তমান সময়ে যেখানে অনেক বাজেট ফোনেই 6000mAh বা তার বেশি ব্যাটারি দেখা যাচ্ছে, সেখানে এই ব্যাটারির ক্ষমতা কিছুটা কম মনে হতে পারে। তবে কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটির ব্যাটারি দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এবং প্রায় 4 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ বজায় রাখতে সক্ষম। এছাড়াও ফোনটিতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন যুক্ত মজবুত বডি দেওয়া হয়েছে, যার ফলে দুর্ঘটনাবশত পড়ে গেলেও ফোনটি বাড়তি সুরক্ষা প্রদান করবে।
