শুক্রবারের ঝড়-বৃষ্টি যেন প্রাক্-বর্ষার আগমনী বার্তা দিয়েছিল, আর তার জেরেই দীর্ঘদিনের অসহনীয় গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ (Weather Today)। তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রাতের ঘুম যেমন আরামদায়ক হয়েছে, তেমনই দিনের বেলায় বাইরে বেরোনোর কষ্টও অনেকটা কমেছে। তবে আবহাওয়ার খামখেয়ালিপনা এখনও কাটেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে মাসের শেষ দিন এবং ছুটির দিনেও আবহাওয়া বেশ সক্রিয় থাকবে বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং হাওড়া জেলাতেও।
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Today)
উত্তরবঙ্গের আবহাওয়াও আজ বেশ সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মধ্য পাকিস্তানের উপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং দক্ষিণ ওড়িশার উপর দিয়ে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। পাশাপাশি মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে।
আগামীকালের আবহাওয়া
মাসের প্রথম দিনেও বাংলার আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে নতুন মাসের শুরুতেও রাজ্যজুড়ে ভিজে আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত মিলছে।
