WB By Election 2026: রেজিনগরে এগিয়ে বিজেপি, নন্দীগ্রামে পাল্লা ভারী রথের

সাদিকুল খান, কলকাতাঃ একাধিক বিতর্কের পর আজ নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (WB By Election 2026) ফলাফল প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। দুই কেন্দ্রের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। প্রাথমিক গণনার প্রবণতা অনুযায়ী, দুই কেন্দ্রেই বিজেপি এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে কংগ্রেসও লড়াইয়ে টিকে রয়েছে। গণনা যত এগোবে, ততই স্পষ্ট হবে দুই কেন্দ্রের নির্বাচনী ফলাফলের চিত্র।

- Advertisement -

এগিয়ে হাসিরানি রথ

সরকার বদলের পর গত ৬ অক্টোবর প্রথম উপনির্বাচন হয়েছিল নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে। আজ সেই নির্বাচনের ফলাফল প্রকাশের পালা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যাওয়ায় এই উপনির্বাচনের ফলাফল ঘিরে কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবার ফুটবল প্রতীকে লড়াই করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটের গণনায় নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। অন্যদিকে, রেজিনগরে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফি।

পিছিয়ে গেল হুমায়ুন পুত্র

রেজিনগরের পাশাপাশি নন্দীগ্রামেও দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। অন্যদিকে, সর্বশেষ গণনার আপডেট অনুযায়ী রেজিনগরে খুব বেশি ভোট পাচ্ছেন না হুমায়ুন কবীরের পুত্র তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ৬৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। এদিকে, ভোটের ফলাফলের প্রবণতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার। তাঁর কথায়, “বাংলায় এখন একটাই ক্যাসেট বাজবে, উন্নয়ন চাই, কলেজ চাই, শিল্প চাই। রেজিনগরে ব্রিজ চাই।” পাশাপাশি সংখ্যালঘু ভোটারদের প্রসঙ্গে তাঁর দাবি, আগের সরকারকে ছেড়ে বর্তমান সরকারের দিকে ঝুঁকছেন তাঁরা।

- Advertisement -

কী বলছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান?

ভোটের ফলাফল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান দাবি করেছেন, “যেখানে মানুষ অবাধে ভোট দিতে পেরেছে, সেখানে কংগ্রেসে ভোট পড়েছে। কার কাছে রিপোল চাইব? যিনি রিপোল করাবেন, তিনিই তো ভোট করাচ্ছেন। নন্দীগ্রামে ঘুরে যা বুঝেছি, সঠিক ভোট হলে ২০ থেকে ২৫ হাজার ভোটে আমি জিততাম।” তাঁর বক্তব্যকে সমর্থন করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “আমরা তো পুনর্নির্বাচন দাবি করেছিলাম। ভোট ভালোভাবে হলে মিলন প্রধান জিততেন।” অন্যদিকে, রেজিনগরে ভোটগণনা চলাকালীন গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান ঋতব্রত-তৃণমূলের প্রার্থী। তিনি জানান, বাড়িতে ফিরে বিশ্রাম নেবেন এবং কিছুক্ষণ ঘুমাবেন।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News