মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) নবম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, ১৩ জুলাই থেকে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এবং তা ২৫ জুলাই পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত স্কুলকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রয়োজনীয় নিয়ম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
২০২৮ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন
পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি নং EMU/C/34 অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলা শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৩ জুলাই ২০২৬ থেকে শুরু হবে। এই রেজিস্ট্রেশন চলবে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত। রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া WBBSE-এর রেজিস্ট্রেশন পোর্টাল-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। পর্ষদ আরও জানিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স, অন্যান্য নির্দেশিকা এবং বিস্তারিত নিয়মাবলি রেজিস্ট্রেশন পোর্টালেই প্রকাশ করা হবে।
কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নয়
পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ছাত্র ছাত্রীদের জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের পেমেন্ট ব্যবস্থাই চালু থাকবে। তবে কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের কোনো সুবিধা থাকবে না। এবং অফলাইন পেমেন্টের ক্ষেত্রে, টাকা জমা দেওয়ার পরেই আগামী সাত দিনের মধ্যে ওই পেমেন্টের রিসিপ্ট কপি বা চালান মধ্যশিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অবশ্যই জমা দিতে হবে। পাশাপাশি প্রতিটি ছাত্র ছাত্রীর রেজিস্ট্রেশন ফর্মগুলির রেকর্ড সংশ্লিষ্ট বিদ্যালয়ের কাছে সংরক্ষণ করে রাখতে হবে ভবিষ্যতের জন্য।
পর্ষদের বিজ্ঞপ্তিতে আরও স্পষ্টভাবে জানানো হয়েছে, ১৫ জুন ২০২৬-এর মধ্যে যেসব বিদ্যালয় PPR/PPS-2026 সংক্রান্ত নির্ধারিত ফি জমা দেয়নি, তারা বকেয়া অর্থ পরিশোধ না করা পর্যন্ত রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করার অনুমতি পাবে না। তাই সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে প্রথমে বকেয়া ফি মিটিয়ে তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যদিকে, যেসব বিদ্যালয়ের কোনও বকেয়া নেই, তাদের নির্ধারিত সময়সীমার মধ্যেই নবম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি, সকল স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের পর্ষদের নির্দেশিকা মেনে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
