সাদিকুল খান, কলকাতাঃ শিক্ষার পরিকাঠামোর পাশাপাশি এবার দেশের পরীক্ষা ব্যবস্থাতেও (Exam System) বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি দেশের পাবলিক ও বোর্ড পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একটি ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স’ (High Powered Task Force) গঠন করা হয়েছে। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং পরিকাঠামোগত সংস্কারের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা আরও স্বচ্ছ করাই এই কমিটি গঠনের অন্যতম লক্ষ্য। আগামী দিনে এই টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতেই দেশের পরীক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গও রয়েছে। তাই রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) অধীন সমস্ত অনুমোদিত স্কুল ও প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে মতামত ও সুপারিশ চেয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
WBCHSE-এর নয়া বিজ্ঞপ্তি জারি
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কম্পিউটার-ভিত্তিক বোর্ড পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন, বছরে একাধিকবার পরীক্ষা নেওয়ার সম্ভাবনা এবং বর্তমান পাঠ্যক্রমে নম্বরের ‘ওয়েটেজ’ নির্ধারণ। পাশাপাশি, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুবিধার ব্যবস্থা, পড়ুয়াদের মধ্যে পরীক্ষা নিয়ে উদ্বেগ কমানো এবং আঞ্চলিক ভাষায় পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে স্কুলগুলির পরিকাঠামো মূল্যায়নের বিষয়েও মতামত নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বর্তমান মূল্যায়ন পদ্ধতি এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক-কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের প্রয়োজন রয়েছে বলে তাঁরাও মনে করেন। তাঁর মতে, বর্তমানে প্রশ্নপত্রের ধরন এবং সেমিস্টার পদ্ধতি পড়ুয়াদের মনস্তাত্ত্বিক বিকাশে যথেষ্ট সহায়ক নয়। এর ফলে অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে, এমনকি স্কুলবিমুখও হয়ে পড়ছে। তবে প্রধান শিক্ষকদের কাছ থেকে নেওয়া সুপারিশগুলি শেষ পর্যন্ত কতটা কার্যকর করা হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে স্কুলের প্রধানদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ নিয়ে একটি রিপোর্ট তৈরি করে সরাসরি কেন্দ্রীয় টাস্ক ফোর্সের কাছে পাঠানো হবে। দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে পুরো বিষয়টিকে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
