তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) রাজ্য সরকারের ভূমি সংস্কার দপ্তরে সাব-সার্ভেয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ১,১৪৫টি শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই এই পদে আবেদনের সুযোগ মিলবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি-সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো।
পিএসসির মাধ্যমে ১১৪৫ সাব-সার্ভেয়ার নিয়োগ
| বিজ্ঞপ্তি নম্বর | 22/2024 |
| নিয়োগকারী সংস্থা | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। |
| পদের নাম | সাব-সার্ভেয়ার। |
| বিভাগ | ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এবং রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন দপ্তর। |
| ক্যাডার/সার্ভিস | ডিরেক্টরেট অব ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে। |
| চাকরির ধরন | স্থায়ী। |
| মোট শূন্যপদ | ১,১৪৫টি। |
| অফিসিয়াল ওয়েবসাইট | psc.wb.gov.in |
শূন্যপদের বিবরণ
| ক্যাটেগরি | শূন্যপদ |
| অসংরক্ষিত (UR) | ৫৮৬টি |
| তফসিলি জাতি (SC) | ২২৯টি |
| তফসিলি উপজাতি (ST) | ৬৯টি |
| অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC – Non-Creamy Layer) | ৮০টি |
| আর্থিকভাবে অনগ্রসর শ্রেণি (EWS) | ১০৪টি |
| প্রতিবন্ধী প্রার্থী (PwBD) | মোট ৪৬টি (UR-৩৫, SC-১১) |
| মেধাবী ক্রীড়াবিদ (MSP) | ২৩টি |
| প্রাক্তন সেনাকর্মী (Ex-Servicemen) | SC -১২, UR -৩৪ এবং EWS-১১ |
শিক্ষাগত যোগ্যতা
সাব-সার্ভেয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি, যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে, যা AICTE বা পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা সংসদ অনুমোদিত হতে হবে। বিকল্প হিসেবে, স্বীকৃত ITI থেকে সার্ভেয়ার ট্রেডে ২ বছরের সার্টিফিকেট কোর্স করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের DGPS বা ETS-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্ভে ও সেটেলমেন্টের কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ও বেতন কাঠামো
বয়সসীমার ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য হবে। বেতন কাঠামো অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (ROPA) রুলস, ২০১৯ অনুসারে পে লেভেল-৭-এর অধীনে মাসিক মূল বেতন ২৪,৭০০ টাকা থেকে ৬৩,৯০০ টাকা পর্যন্ত হবে। এর পাশাপাশি রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), চিকিৎসা ভাতা (MA) সহ অন্যান্য প্রাপ্য ভাতাও দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন?
১. প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://psc.wb.gov.in
২. যদি আগে রেজিস্ট্রেশন করা না থাকে, তবে ‘One Time Registration’ (OTR) সম্পন্ন করুন।
৩. রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে সংশ্লিষ্ট পদের (Advt No. 22/2024) অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন।
৪. ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণপত্র আপলোড করুন।
৫. ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করুন।
৬. প্রয়োজনীয় আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ২০ অক্টোবর, ২০২৬।
- আবেদনের শেষ তারিখ ও ফি জমা দেওয়ার শেষ সময়: ৯ নভেম্বর, ২০২৬ (বিকেল ৩:০০ টা পর্যন্ত)।
- আবেদন সংশোধনের সুযোগ: ১১ নভেম্বর, ২০২৬ থেকে ১৬ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
