তামান্না খান, কলকাতাঃ অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার পর এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের জন্য এল নতুন খবর। দেবীপক্ষের সূচনার মধ্যেই ১২ অক্টোবর, সোমবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালের দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (2nd SLST, IX-X) নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এই তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে কমিশনের তরফে একটি জরুরি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। নতুন তালিকায় কী কী পরিবর্তন হয়েছে এবং শূন্যপদ সম্পর্কে কী তথ্য জানানো হয়েছে, তা জেনে নেওয়া যাক।
বিভিন্ন মাধ্যম মিলিয়ে ২৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ
স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো সংশোধিত চূড়ান্ত শূন্যপদের তথ্যের ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক পদে মোট শূন্যপদের সংখ্যা ২৩,২০৯টি। এর মধ্যে বাংলা মাধ্যমে রয়েছে ১৯,৯৪৮টি শূন্যপদ। এই পদগুলির মধ্যে ১৪,৮২৫টি পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য উন্মুক্ত এবং ৫,১২৩টি পদ শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। এছাড়া হিন্দি মাধ্যমে ২,২৪৯টি এবং উর্দু মাধ্যমে ৮৭৬টি শূন্যপদ রয়েছে। কমিশন জানিয়েছে, বিষয়, শিক্ষার মাধ্যম, লিঙ্গ এবং সংরক্ষণ নীতি বিবেচনা করে আগে নির্ধারিত শূন্যপদের তালিকায় প্রয়োজনীয় সংশোধন আনার পর এই বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে।
এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের নথি যাচাই এবং সাক্ষাৎকারের সম্ভাব্য তারিখ ও সময়সূচি আগামী দিনে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। চাকরিপ্রার্থীরা নিজেদের বিষয় ও শিক্ষার মাধ্যম অনুযায়ী বিস্তারিত তালিকা দেখতে পারবেন westbengalssc.com এবং wbsschelpdesk.com ওয়েবসাইটে। সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশের ফলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়ে প্রার্থীদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে। তবে নথি যাচাই ও সাক্ষাৎকারের নির্দিষ্ট তারিখ জানতে কমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখা জরুরি।
