জানারুল খান, কলকাতাঃ দেবীপক্ষের সূচনা হতেই দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত বঙ্গবাসী। তবে উৎসবের আনন্দের মাঝে চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব। আজ রবিবার থেকে পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। তবে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে পুজোর কেনাকাটা কিংবা ঘুরতে বেরনোর পরিকল্পনা থাকলে আগে থেকেই জেনে নেওয়া ভালো আজকের আবহাওয়ার (Weather Today) আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal)কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ছুটির দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা এবং হাওড়া জেলায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পূর্ব ভারতের আরও কিছু অংশ, উপদ্বীপীয় ভারতের উত্তরাংশ এবং উত্তর পূর্ব ভারতের অধিকাংশ এলাকা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal Weather) দিকে তাকালে দেখা যাচ্ছে, রবিবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে দেবীপক্ষের শুরুতেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল সোমবারও বাংলার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর প্রস্তুতি বা বাইরে ঘোরার পরিকল্পনা থাকলে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি।
