জানারুল খান, কলকাতাঃ আচমকাই বদলে গেল বাংলার আবহাওয়া। মঙ্গলবার সন্ধ্যার বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। এর মধ্যেই বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রমেঘের সঞ্চার হয়ে আচমকা ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)
বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বর্তমানে হরিয়ানা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত। পাশাপাশি উত্তর-পূর্ব হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে বিহার, ঝাড়খণ্ড, বিদর্ভ ও মারাঠওয়াড়া হয়ে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এর সঙ্গে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি ঊর্ধ্ব বায়ুর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই একাধিক আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে দুর্যোগের সম্ভাবনা থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাত চলবে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আবহাওয়া পুরোপুরি স্বস্তিদায়ক থাকবে না। কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
