Weather Today: দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, ৮ জেলায় হলুদ সতর্কতা

-

বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে বড়সড় সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপর একাধিক ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে আজ, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনও একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)

আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং জল জমা বা বজ্রপাতপ্রবণ এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

- Advertisement -

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানের, রোহতক, শাহজাহানপুর, কানপুর, ডালটনগঞ্জ ও দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এর পাশাপাশি দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত ১.৫ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়ভাবে দমকা হাওয়া বইতে পারে এবং কিছু এলাকায় স্বল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে। তাই এই জেলাগুলির বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন হাওড়া, কলকাতা, বাঁকুড়া,বীরভূম,পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Breaking News