জানারুল খান, কলকাতাঃ আজ বিজয়া দশমী। উমার বিদায়ের দিনে রাজ্যজুড়ে আবহাওয়া অনুকূল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকি আগামীকাল একাদশীর দিনও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানের মণ্ডপে ভয়াবহ বিপর্যয়ে প্রাণ হারান ১৯ জন দর্শনার্থী। তবে তার পরের দিনগুলিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে ভালো ছিল এবং বৃষ্টির তেমন দেখা মেলেনি। কিন্তু পুজো শেষ হতেই ফের ঘূর্ণাবর্তের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে আগামী দিনে রাজ্যের আবহাওয়ায় কী পরিবর্তন হতে পারে, তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার একাদশীর দিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে দক্ষিণবঙ্গজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের প্রভাবে আগামী দিনে আবহাওয়ার পরিবর্তন হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এমনকি নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে বিষয়েও এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামীকাল বৃহস্পতিবার, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দ্বাদশী পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে উত্তরের জেলাগুলিতে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দ্বাদশী থেকে দার্জিলিং, কালিম্পং, কর্শিয়াং-এ বৃষ্টি হলেও হতে পারে।
