সাদিকুল খান , কলকাতাঃ পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। দুর্গাপুজোর আগেই তাঁদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। এর ফলে সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক একলাফে বেড়ে ১২ হাজার টাকা হয়েছে। তবে এই বর্ধিত সুবিধা কারা পাবেন এবং কবে থেকে অতিরিক্ত টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে রইল বিস্তারিত তথ্য।
সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বাড়ল ২ হাজার টাকা
এতদিন রাজ্যের সিভিক ভলান্টিয়াররা মাসে ১০ হাজার টাকা করে সাম্মানিক পেতেন। এর পাশাপাশি পুজোর সময় এককালীন ৫ হাজার টাকা বোনাসও দেওয়া হত। এবার থেকে তাঁদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। যদিও পুজোর বোনাসের পরিমাণ এবার আরও বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে মাসিক সাম্মানিক বৃদ্ধির এই সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার সিভিক ভলান্টিয়ার উপকৃত হতে চলেছেন।
কারা পাবেন এই সুবিধা?
রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশ (KP) এবং পশ্চিমবঙ্গ পুলিশ (WBP)-এর অধীনে বিভিন্ন জেলায় কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়ারই এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা করে বাড়বে।
কাজের নিয়মে কি কোনও পরিবর্তন আসছে?
বেতন বৃদ্ধির পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের কাজের নিয়ম বা নিয়োগের শর্তে কোনও পরিবর্তন আসছে কি না, তা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। তবে স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়েছে। বেতন বাড়লেও সিভিক ভলান্টিয়ারদের বর্তমান নিয়োগের নিয়মাবলী ও শর্তাবলীতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ আগের মতোই তাঁদের কাজ ও নিয়োগের শর্ত কার্যকর থাকবে।
কবে অ্যাকাউন্টে ঢুকবে?
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের বর্ধিত সাম্মানিক ১ অগস্ট থেকেই কার্যকর হয়েছে। ফলে সেপ্টেম্বর মাস থেকে তাঁরা বর্ধিত হারে মাসিক সাম্মানিক পেতে চলেছেন। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী, মাসে ১২ হাজার টাকা করে সাম্মানিক পাওয়ার কথা সিভিক ভলান্টিয়ারদের।
