পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার লিস্ট ২০২৬ (West Bengal Draft Voter List 2026)। আর সেই তালিকায় যদি আপনার নাম, বয়স, লিঙ্গ বা অন্য কোনও তথ্য ভুল থাকে, তাহলে চিন্তার কোনও কারণ নেই। কারণ এবার সেই ভুল সংশোধনের সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন। এখন খুব সহজেই অনলাইনে বাড়িতে বসে খসড়া ভোটার লিস্টের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি ভোটার কার্ডের ফটোও আপডেট করা যাবে। এছাড়া যাঁরা অনলাইনে আবেদন করতে স্বচ্ছন্দ নন, তাঁরা নিজেদের বুথের বুথ লেভেল অফিসার বা BLO-এর কাছেও অফলাইনে সংশোধনের আবেদন জমা দিতে পারবেন।
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে, ভোটার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তাই যাঁদের নাম এই তালিকায় রয়েছে, তাঁদের নিজের ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স কিংবা জন্মতারিখ ভালোভাবে মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কোনও তথ্য ভুল মনে হয়, তাহলে এখনই তা সংশোধনের সুযোগ মিলবে। শুধু তাই নয়, চাইলে ভোটার কার্ডে থাকা পুরনো ছবিও আপডেট বা পরিবর্তন করা যাবে খুব সহজেই।
ভোটার কার্ডে থাকা কোনও ভুল তথ্য এখন খুব সহজেই অনলাইন বা অফলাইন—দুইভাবেই সংশোধন করা যাবে। সংশোধনের আবেদন গ্রহণ হয়ে গেলে নতুন আপডেটেড ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে সরাসরি বাড়িতেই পৌঁছে যাবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে ECINET মোবাইল অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এছাড়াও Voter Service Portal কিংবা CEO West Bengal Official Portal-এর মাধ্যমে ঘরে বসেই ভোটার কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে।
অনলাইনে ভোটার কার্ড সংশোধন করার জন্য ECINET মোবাইল অ্যাপ কিংবা Voter.eci.gov.in পোর্টালে গিয়ে ফর্ম ৮ ফিলাপ করতে হবে। এছাড়াও আপনার বুথের বুথ লেভেল অফিসার (BLO) এর কাছ থেকে ফর্ম ৮ সংগ্রহ করে, তা পূরণ করে উপযুক্ত নথি সহকারে জমা করলেই আবেদন হয়ে যাবে। এরপর সংশোধিত একটি ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন জানাবেন।
ভোটার কার্ড অনলাইন সংশোধন পদ্ধতি
১) প্রথমে প্লে স্টোর থেকে ECINET অ্যাপটি ডাউনলোড করুন অথবা Voter Service Portal-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) এরপর অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে Register / Sign Up অপশনে ক্লিক করে নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। রেজিস্ট্রেশন হয়ে গেলে Log In / Sign In অপশনে গিয়ে রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
৩) লগইন করার পর হোমপেজে থাকা Fill Form 8 অপশনে ক্লিক করুন। এরপর যার ভোটার কার্ড সংশোধন করতে চান, তাঁর ভোটার আইডি নম্বর লিখে সার্চ করুন।
৪) পরবর্তী পেজে ভোটারের তথ্য দেখতে পাবেন। সবকিছু মিলিয়ে নিয়ে Correction in Existing Electoral Roll অপশন সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।
৫) এরপর আবার ভোটারের সমস্ত তথ্য দেখানো হবে। তথ্য যাচাই করে Next-এ ক্লিক করুন। চাইলে এই ধাপে আধার নম্বরও যোগ করতে পারবেন।
৬) এবার নাম, ঠিকানা, ফটো, মোবাইল নম্বর, জন্মতারিখ, বয়স, অভিভাবকের নাম, লিঙ্গ ইত্যাদি সংশোধনের অপশন আসবে। যেগুলো পরিবর্তন করতে চান, সেই বক্সে টিক দিন। তবে একবারে সর্বাধিক ৪টি তথ্য সংশোধনের আবেদন করা যাবে। পরে একই পদ্ধতিতে আবার বাকি তথ্য আপডেট করা যাবে।
৭) এবার যে তথ্য ভুল রয়েছে, তার সঠিক তথ্য লিখুন এবং প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৮) সমস্ত তথ্য ঠিকভাবে পূরণ করার পর Preview & Submit অপশনে ক্লিক করুন। এরপর সব তথ্য ভালোভাবে মিলিয়ে নিয়ে eSign Submit বাটনে ক্লিক করুন।
৯) এবার আধার নম্বর লিখে Get OTP-তে ক্লিক করুন। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করলেই আবেদন জমা হয়ে যাবে।
১০) আবেদন সম্পূর্ণ হলে একটি Reference Number ও আবেদনের কপি পাবেন। সেই কপি প্রিন্ট করে নিজের বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে জমা দিতে হবে।
১১) আবেদন অনুমোদিত হয়েছে কিনা, তা জানতে Track Application অপশনে গিয়ে Reference Number লিখে স্ট্যাটাস চেক করতে পারবেন। কার্ড পাঠানো হলে সেটিও সেখানে দেখা যাবে।
১২) সংশোধিত e-EPIC ভোটার কার্ড ডাউনলোড করতে ECINET অ্যাপ বা Voter Service Portal-এ গিয়ে eEPIC Download অপশনে ক্লিক করুন। এরপর ভোটার কার্ড নম্বর বা Reference Number ও রাজ্যের নাম দিয়ে সার্চ করুন। তারপর OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করলেই e-EPIC Card ডাউনলোড করা যাবে।
| ভোটার কার্ড অনলাইন সংশোধন (Voter Service Portal Link) লিংকঃ– | Click Now |
| Voter ECINET Mobile App Download (ভোটার মোবাইল অ্যাপ ডাউনলোড) Link:- | Download Now |
