পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় ও অভিনব সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। অর্থাৎ, রাজ্যের মধ্যে সরকারি বাসে যত দূরেই যাতায়াত হোক না কেন, আলাদা করে কোনও ভাড়া দিতে হবে না। সরকারি নোটিফিকেশন অনুযায়ী, আগামী ১ জুন থেকে এই পরিষেবা চালু হওয়ার কথা। তবে এই সুবিধা পেতে মহিলাদের একটি বিশেষ কার্ড দেখাতে হবে। সেই কার্ড কোথায় মিলবে, কীভাবে আবেদন করতে হবে এবং কারা এই সুবিধার আওতায় আসবেন—সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের প্রতিবেদনে বিস্তারিত।
১ জুন থেকে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে সফর
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকেই এবার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন সরকার গঠনের পর মহিলাদের জন্য এই বিশেষ পরিষেবা চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে এই বিনামূল্যের যাতায়াত সুবিধা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কারা পাবেন বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণের সুবিধা?
পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলারাই এই সুবিধার আওতায় আসবেন। এখানে কোনো বয়স বা আয়ের ঊর্ধ্বসীমা বা অন্যান্য শর্ত রাখা হয়নি।
কোন কোন বাসে এই সুবিধা পাওয়া যাবে?
সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পরিচালিত সমস্ত স্টেট-রান বাসে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। অর্থাৎ, রাজ্যের যেকোনও প্রান্তে চলাচলকারী স্বল্প দূরত্বের (শর্ট রুট) এবং দূরপাল্লার (লং রুট) সব সরকারি বাসেই মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর ফলে শহর থেকে গ্রাম—সমস্ত ক্ষেত্রেই এই পরিষেবার সুবিধা পাবেন যাত্রীরা।
স্মার্ট কার্ডের জন্য কোথায় এবং কীভাবে আবেদন করবেন?
স্মার্ট কার্ড পাওয়ার জন্য আগ্রহী মহিলাদের অফলাইনে আবেদন জানাতে হবে।
- এজন্য আপনার এলাকার এক্তিয়ারভুক্ত বিডিও (BDO – Block Development Office) অথবা এসডিও (SDO – Sub-Divisional Office) অফিসে যান।
- উল্লেখিত সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম নিন।
- নিজের হাতে সঠিক ভাবে ফর্মটি পূরণ করুন।
- নিচে দেওয়া প্রয়োজনীয় নথিপত্রের যে কোন একটির সেল্ফ অ্যাটেস্টেড ফটোকপি সংযুক্ত করুন।
- আবেদন জমা করে দিন।
আবেদনের জন্য কী কী নথিপত্র লাগবে?
বিশেষ কার্ডের জন্য আবেদন বা পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নথি গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে। আবেদনকারীরা নিচের যেকোনও একটি বৈধ পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন— আধার কার্ড, ভোটার আইডি কার্ড, গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবি-সহ পেনশনের নথি, কেন্দ্রীয়/রাজ্য সরকার, PSU বা পাবলিক লিমিটেড কোম্পানির দেওয়া ছবি-সহ সার্ভিস আইডি কার্ড, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত অফিসিয়াল আইডি কার্ড এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা অন্য যেকোনও বৈধ পরিচয়পত্র। এই নথিগুলির মাধ্যমে আবেদনকারীর পরিচয় নিশ্চিত করা হবে।
