উচ্চমাধ্যমিকে আর সেমিস্টার নয়? আগামী শিক্ষাবর্ষ থেকেই ফিরতে পারে পুরনো পরীক্ষা পদ্ধতি

তামান্না খান, কলকাতাঃ উচ্চমাধ্যমিকের সেমিস্টার ব্যবস্থা কি এবার তুলে দেওয়া হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের মনে। রাজ্যে সরকার পরিবর্তনের পর আগের সরকারের আমলে চালু হওয়া সেমিস্টার পদ্ধতি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু করেছে শিক্ষা দফতর। সূত্রের খবর, পড়ুয়াদের জন্য বছরে একবার বোর্ড পরীক্ষার পুরনো পদ্ধতিতে ফিরতে চাইছে বর্তমান সরকার। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে আগামী দিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরনে কী পরিবর্তন আসে, সেদিকেই এখন নজর সকলের। আজকের প্রতিবেদনে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করা হল।

- Advertisement -

উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম বাতিল

রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন শিক্ষামন্ত্রী এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই উচ্চমাধ্যমিকের সেমিস্টার ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই বিষয়টি নিয়ে বিকাশ ভবনে শিক্ষা সংসদের সঙ্গে বৈঠকও হয়েছে। সেখানে সেমিস্টার পদ্ধতি নিয়ে শিক্ষকদের একাংশের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরা হয়। শিক্ষকদের অভিযোগ, বছরে দু’বার পরীক্ষা হওয়ায় পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষার কারণে স্কুলও দীর্ঘদিন বন্ধ রাখতে হচ্ছে। ফলে নিয়মিত ক্লাসের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সামগ্রিকভাবে পঠনপাঠনও ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষকের মতে, এই সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়াদের বিশেষ কোনও সুবিধা হচ্ছে না। উল্টে যারা ভবিষ্যতে JEE বা NEET-এর মতো সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চায়, তাদের ক্ষেত্রে সিলেবাস ও পরীক্ষার ধরনের পার্থক্য বাড়তি সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শিক্ষামন্ত্রী কী জানিয়েছেন

শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, অনেক শিক্ষকই তাঁর কাছে অভিযোগ করেছেন যে বর্তমান সেমিস্টার ব্যবস্থায় পড়ুয়ারা তেমনভাবে উপকৃত হচ্ছে না। তাঁর মতে, শিক্ষকদের একটি বড় অংশের ধারণাও একই। একসময় নিজেও শিক্ষকতা করেছেন বলে এই বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও ধারণাও শিক্ষকদের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। তাই উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখছে শিক্ষা দফতর।

- Advertisement -

পুরনো পদ্ধতি কবে থেকে কার্যকর হতে পারে?

সরকারি সূত্রের ইঙ্গিত অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে পুরনো পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনা হতে পারে। তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। শিক্ষা দফতর ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মধ্যে এ নিয়ে বৈঠক হলেও কবে থেকে এবং ঠিক কী নিয়মে এই পরিবর্তন কার্যকর হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এমনকি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা শিক্ষা দফতরের তরফেও এখনও এ বিষয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই সরকারি ঘোষণা না আসা পর্যন্ত উচ্চমাধ্যমিকের সেমিস্টার ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে, এমনটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News