West Bengal নয়, এবার ‘পশ্চিমবঙ্গ’! রাজ্যের নাম পরিবর্তনে বড় সিদ্ধান্ত বিজেপির

সাদিকুল খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের সরকারি নাম নিয়ে নতুন করে বড় পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের সরকারি নামের ক্ষেত্রে বাংলা বা ‘Bengal’-এর পরিবর্তে ইংরেজিতেও ‘West Bengal’ নামটি রাখার বিষয়ে বিধানসভায় বিল আনার উদ্যোগ নেওয়া হবে। গত সোমবার তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নাম পরিবর্তন সংক্রান্ত এই প্রস্তাব বাস্তবে কীভাবে কার্যকর হবে এবং বিধানসভায় বিলটি কবে পেশ করা হবে, তা নিয়েই এখন নজর রয়েছে।

- Advertisement -

রাজ্যের সরকারি নাম নিয়ে বাড়ছে বিতর্ক

রাজ্যে পালাবদলের পর সরকারি বিভিন্ন ক্ষেত্রে একাধিক পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। রাস্তার নাম বদল থেকে শুরু করে তৃণমূল আমলে ব্যবহৃত ‘বিশ্ব বাংলা’ লোগো নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে এবার রাজ্যের সরকারি নাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত সোমবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের নাম প্রসঙ্গে বলেন, ইংরেজিতে ‘West Bengal’ বা ‘Bengal’ নয়, রাজ্যের সরকারি নাম ‘পশ্চিমবঙ্গ’ হওয়া উচিত। তাঁর বক্তব্য, অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের ইতিহাসের সঙ্গে যুক্ত বঙ্গের একটি অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ হিসেবে পরিচিত। তাই সেই ঐতিহাসিক পরিচয়কে সামনে রেখে রাজ্যের সরকারি নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার পক্ষে সওয়াল করেন তিনি।

কেন নাম পরিবর্তন?

রাজ্যের নাম বদলের দাবি অবশ্য নতুন নয়। প্রশাসনিক কাজের সুবিধার জন্য অনেক দিন ধরেই ‘West Bengal’ নামটি পরিবর্তনের কথা উঠেছে। এর একটি কারণ হিসেবে বলা হয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা সাধারণত শেষের দিকে বক্তব্য রাখার সুযোগ পান। ফলে সময় কম থাকায় সব কথা ঠিকভাবে তুলে ধরা সম্ভব হয় না বলে দাবি করা হয়েছিল। বামফ্রন্ট সরকারের সময়ও রাজ্যের নাম বদলের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। পরে তৃণমূল সরকার রাজ্যের নাম ‘বাংলা’ করার জন্য বিধানসভায় বিল পাস করে। কিন্তু কেন্দ্রের অনুমোদন না মেলায় সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। এবার সরকার পরিবর্তনের পর ফের রাজ্যের নাম বদল নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাজ্যের সরকারি নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে একটি বিল বিধানসভায় আনা হতে পারে। শমীক ভট্টাচার্যের বক্তব্য, রাজ্যের জন্মের ইতিহাসের সঙ্গে ‘পশ্চিমবঙ্গ’ নামটি গভীরভাবে জড়িত। সেই ঐতিহাসিক পরিচয় ও সম্মান ধরে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এবার বিধানসভায় বিলটি পেশ হলে সেটি আদৌ পাশ হয় কি না, সেদিকেই নজর থাকবে।

- Advertisement -
Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News