পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল ব্যবস্থা চালু করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে রাজ্যে (Education)। স্কুলের পাঠক্রমে এই নীতি ফিরিয়ে আনার দাবিকে ঘিরে নতুন করে আলোচনা চলছে। জানা গিয়েছে, একটি শিক্ষক সংগঠনের দাবির প্রেক্ষিতে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এবার রাজ্যের নতুন স্কুল সিলেবাস ও কারিকুলাম সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিও বিষয়টি নিয়ে আলোচনা করছে। কমিটির চেয়ারম্যানও পাশ-ফেল ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে বলে জানা যাচ্ছে।
পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল
২০১৮ সালে সংসদে বিল পাশ করিয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ব্যবস্থা ফিরিয়ে আনার পথ তৈরি করে কেন্দ্রীয় সরকার। ‘শিক্ষার অধিকার আইন’ সংশোধন করে এই দুই শ্রেণিতে বার্ষিক পরীক্ষা চালুর কথা বলা হয়। নিয়ম অনুযায়ী, বার্ষিক পরীক্ষায় কোনও পড়ুয়া অকৃতকার্য হলে তাকে দু’মাসের মধ্যে আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। তবে দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে সংশ্লিষ্ট পড়ুয়াকে একই শ্রেণিতে রেখে দেওয়ার বিধান রাখা হয়।
কী বলা হয়েছিল আইনে
নিয়মে আরও বলা হয়, বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের জন্য বাধ্যতামূলকভাবে দু’মাস বিশেষ রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। এই অতিরিক্ত পড়াশোনার সুযোগ দেওয়ার পরেই তাদের পুনরায় পরীক্ষায় বসানো যাবে। তবে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ব্যবস্থা চালু করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল।
কী বললেন চেয়ারম্যান
স্কুলশিক্ষার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে পাশ-ফেল ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত প্রকাশ করেছেন সিলেবাস ও কারিকুলাম বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান দেবাশিসবাবু। তাঁর বক্তব্য, স্কুলশিক্ষার যে অবস্থা, তাতে পাশ-ফেল ব্যবস্থা ফিরিয়ে না আনলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। বিভিন্ন মহল থেকে এ বিষয়ে প্রস্তাব এলে তা বিবেচনা করে শিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করা হবে বলেও তিনি জানান। তাঁর মতে, আইন আগেই সংশোধন করা হয়েছে, তাই এই ব্যবস্থা ফিরিয়ে আনতে বিশেষ জটিলতা থাকার কথা নয়।
উল্লেখ্য, ২০০৯ সালে শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পর অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন কেন্দ্রীয় রিপোর্টে পড়ুয়াদের শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অষ্টম শ্রেণিতে পড়া অনেক শিক্ষার্থী পঞ্চম শ্রেণির বই সাবলীলভাবে পড়তে পারছে না, এমনকি সাধারণ অঙ্ক করতেও সমস্যায় পড়ছে। এদিকে, ২৪ জানুয়ারি বেঙ্গালুরুতে আয়োজিত পিপলস পার্লামেন্টে পিপলস এডুকেশন পলিসিতে পাশ-ফেল ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে বলে খবর।
