আজকের আবহাওয়া: নিম্নচাপ ও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি

-

জানারুল খান, কলকাতাঃ আকাশ যেন ফুটো হয়ে গিয়েছে! এক নাগাড়ে বৃষ্টি চলছেই বাংলাজুড়ে। কোথাও জল জমে নাজেহাল পরিস্থিতি, আবার কোথাও ভারী বৃষ্টির জেরে বাড়ছে দুর্ভোগ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। সব মিলিয়ে আপাতত বৃষ্টি থেকে রেহাই মিলছে না বলেই পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনায় পশ্চিম বর্ধমান ও বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

- Advertisement -

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি এখনও একই অঞ্চলে রয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে প্রায় ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং আগামী কয়েক ঘণ্টায় সেটি পূর্ব-উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাটি শ্রী গঙ্গানগর, রোহতক, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন নিম্নচাপের কেন্দ্র, সাতনা, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত আরেকটি অক্ষরেখা নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তের মাধ্যমে উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত ছিল।

দক্ষিণ গুজরাট থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার নিম্নচাপ এলাকার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৩.১ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এবং এটি বর্তমানে সক্রিয় রয়েছে।

- Advertisement -

আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মালদা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি এবং তীব্র বজ্রবিদ্যুতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News