সাদিকুল খান, কলকাতাঃ লক্ষ্মীপুজোর আবহেই বাংলার আবহাওয়ায় বদলের ইঙ্গিত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আজ কোজাগরি লক্ষ্মীপুজোয় সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা, সঙ্গে রয়েছে হালকা শীতের আমেজ। তবে পুজোর দিন কি বৃষ্টিতে ভিজতে পারে বাংলা? দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আজকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক, আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আপাতত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। তবে আগামী ২৭ অক্টোবর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে লক্ষ্মীপুজোর দিন বৃষ্টির আশঙ্কা কম থাকলেও, সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা সমান নয়। আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের প্রভাবে আগামী দিনে উত্তরবঙ্গের আবহাওয়ায় কোনও পরিবর্তন আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবারও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। তবে আবহাওয়ার আসল খেলা শুরু হবে ২৮ অক্টোবর থেকে। এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ২৯ অক্টোবর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
