জানারুল খান, কলকাতাঃ সম্ভাব্য ঘূর্ণিঝড় ও গভীর নিম্নচাপের প্রভাবে বদলাতে শুরু করেছে আবহাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। অন্যদিকে, গভীর নিম্নচাপের জেরে একাধিক রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি, কোথাও কোথাও জমেছে জল। এবার কি বাংলাতেও আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন দেখা যেতে পারে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কি? জেনে নিন আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আজ সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাব অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে বেশি পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কি বৃষ্টিপাত হবে? আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ সোমবার সপ্তাহের শুরুতে রাজ্যের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল, ২৭ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, বুধবার থেকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, আজ আপাতত কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার থেকে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলি জেলায়। তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে উত্তরবঙ্গের আবহাওয়া এ দিন মোটের উপর শুষ্ক থাকবে। যদিও খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হয়েছে।
