জানারুল খান, কলকাতাঃ সময়ের আগেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে আজ মঙ্গলবার থেকেই বাংলার আবহাওয়ায় পরিবর্তন দেখা যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়টি মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather) প্রসঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে বুধবারের আবহাওয়া? পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় খুব হালকা বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।
