জানারুল খান, কলকাতাঃ আবহাওয়া নিয়ে ফের অশনি সংকেত! একটি দুর্যোগের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে দুর্যোগের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকাতেও নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার থেকে আগামী কয়েক দিন বাংলার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
প্রথমেই দেখে নেওয়া যাক, সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী, আজ শনিবার কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
অন্যদিকে, আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সেটি নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়াতে পারে। এমনকী, এটি গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন এলাকায় বেশি বৃষ্টিপাত হবে, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারছেন না আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক, সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎও দেখা দিতে পারে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
রবিবার, অর্থাৎ মাসের প্রথম দিনেই কেমন থাকবে বাংলার আবহাওয়া? উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ-সহ সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ রবিবার রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
