জানারুল খান, কলকাতাঃ বৃষ্টি যেন বাংলার পিছু ছাড়তেই চাইছে না। শীতের হালকা আমেজ শুরু হতেই ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে রাজ্যে। আজ বৃহস্পতিবারও বাংলার একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার (Weather Today) আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও বর্তমানে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়েছে বলে খবর। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সারাদিন বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ভারী বৃষ্টির সম্ভাবনায় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে শক্তি হারাবে। পাশাপাশি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়ার আরও অবনতি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
