জানারুল খান, কলকাতাঃ ভাদ্র মাস শুরু হয়ে গেলেও বৃষ্টির দাপট থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর। দিন-রাত ধরে বৃষ্টি চলার পাশাপাশি সপ্তাহের শুরুতেই গভীর নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে অফিস, স্কুল বা অন্যান্য প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। আগামীকাল, মঙ্গলবারও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—দুই অঞ্চলেই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের সামগ্রিক পূর্বাভাসেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে এবং এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা অমৃতসর থেকে শাহজাহানপুর হয়ে ডালটনগঞ্জ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকালও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। ফলে আগামীকালও বাংলার আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টির দাপট বজায় থাকতে পারে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই তথ্য জমা দিলেই মিলতে পারে ৩ হাজার টাকা
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও মাঝেমধ্যে রোদের দেখা মিলতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার কোন কোন জেলায় হলুদ সতর্কতা
আগামী বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সাত জেলায়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হবে ভারী বৃষ্টি। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
আরও পড়ুনঃ পেঁয়াজের দামে আগুন! এক বছরে ৭৬% বৃদ্ধি, দাম কমাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল মঙ্গলবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কয়েকটি জায়গায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে আগামীকাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
