আগামীকালও স্বস্তি নেই! জন্মাষ্টমীতে ৭ জেলায় বৃষ্টির সতর্কতা, জানুন আবহাওয়ার আপডেট

-

জানারুল খান, কলকাতাঃ বিগত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক এলাকায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বোলপুরেও একাধিক ওয়ার্ড ও মন্দির জলমগ্ন হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের মালদার ইংরেজবাজার ব্লকেও গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্ভোগের ছবি সামনে এসেছে। এরই মধ্যে আগামীকালের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস। কোথায় কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টি কমবে নাকি আরও বাড়বে—জেনে নিন বিস্তারিত।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। তবে নিম্নচাপটি সরে গেলেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর এর প্রভাব বজায় থাকায় একাধিক এলাকায় ভারী বৃষ্টি ও দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা সাময়িক। শুধু ভারী বৃষ্টিই নয়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘন ঘন বজ্রপাতও হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে এমনই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, জন্মাষ্টমীর দিন সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গেলেও মাঝে মধ্যে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। তবে বিক্ষিপ্তভাবে হবে কোনো কোনো জায়গায়, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদিও ভারী বৃষ্টির এখনই পূর্বাভাস নেই। হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

নিম্নচাপটি সরে যাওয়ায় আগামীকাল, শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে, যদিও মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

- Advertisement -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলা—কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ব্যাপক বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে শনিবার থেকে। ফলে সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

Breaking News