কোয়েলের দলবদল ঘিরে তৃণমূলেই প্রশ্ন, মমতাকে নিশানা করে কী বললেন কুণাল?

সাদিকুল খান, কলকাতাঃ তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে এবার বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় যাওয়ার পথে কোয়েল মল্লিক। রাজ্যসভা উপনির্বাচনে কোয়েলকে তাঁরই ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করেছে বিজেপি। এই সিদ্ধান্ত ঘিরে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কোয়েলের দলবদল নিয়ে কুণাল তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি, কোয়েলকে রাজ্যসভার প্রার্থী করার সময় তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

- Advertisement -

রবিবার রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় কোয়েল মল্লিকের নাম রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শীঘ্রই তিনি বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন বলেও খবর। এই পরিস্থিতিতে কোয়েলকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, “কোয়েল মল্লিক বিশিষ্ট অভিনেত্রী। তাঁকে রাজ্যসভায় পাঠানোর কথা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আপনার তৃণমূলকে ভাল লাগছিল। এখন আর মুখ্যমন্ত্রী মন (মমতা বন্দ্যোপাধ্যায়)। তাই সঙ্গে সঙ্গে বিজেপিতে যেতে হল আপনাকে।”

কোয়েলকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েও এদিন প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের রাজনীতিতে এনে বিধানসভা, রাজ্যসভা বা লোকসভায় জনপ্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল। কুণালের কথায়, সক্রিয় রাজনীতিকের পাশাপাশি চিকিৎসক, খেলোয়াড়, গায়ক, সিনেমা ও শিল্পজগতের ব্যক্তিদেরও জনপ্রতিনিধি করার ভাবনা ছিল তৃণমূলের। তবে তাঁর দাবি, এই উদারতার সুযোগ নিয়ে কয়েকজন দলত্যাগ করায় ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলকে আরও সতর্ক হতে হবে।

- Advertisement -

আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন রাজ্যসভায় উপনির্বাচন। নিজের ছেড়ে দেওয়া আসনেই ফের প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, তবে এবার বিজেপির টিকিটে। রাজ্যে পালাবদলের পর সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেবও দলবদল করে রাজ্যসভায় ফেরার পথে হেঁটেছিলেন। সেই থেকেই কোয়েলকে ঘিরে জল্পনা চলছিল। রবিবার বিজেপির প্রার্থিতালিকায় তাঁর নাম প্রকাশের পর সেই জল্পনার অবসান হয়েছে। আগামী ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বর্তমান সমীকরণে এই আসনে বিজেপির প্রার্থী কোয়েলের পক্ষে সমর্থন রয়েছে বলে জানা যাচ্ছে। তবে মনোনয়ন জমা দেওয়ার আগে তাঁকে বিজেপিতে যোগ দিতে হবে। শীঘ্রই কোয়েলকে পদ্মপতাকা হাতে দেখা যেতে পারে বলেও খবর।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News